ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনা ধামাচাপা দেওয়া হলে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
পিলখানা ঘটনার সুষ্ঠু তদন্ত ও চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রতিকৃতি ধ্বংসের প্রতিবাদে বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে।
বিডিআরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়ে দেলোয়ার সরকারের উদ্দেশে বলেন, তা নাহলে জনগন সেই তদন্ত মেনে নেবে না।
তিনি সরকারের মন্ত্রীদের পিলখানার ঘটনা সর্ম্পকে নানা বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
দেলোয়ার বলেন,'' তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে মন্ত্রীদের মনগড়া বক্তব্য দেওয়া দুঃখজনক। এর মাধ্যমে তদন্ত প্রভাবিত হতে পারে।'
''আমরা সব সময় সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা সহযোগিতা না নিয়ে আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তারা সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে। ''
রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লুাহ আমান, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন ও সাবেক ছাত্র দল সভাপতি হাবিবউন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এইচএ/২০১৫ঘ.
bdnews24