ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিল করার ঘোষণায় বৃহস্পতিবার থেকে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ঢাকা।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, "এ ব্যাপারে একটি সমাধানের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।"
প্রেস ক্লাবে মানবাধিকার ও মিডিয়া বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, "এ মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেছে বলে আমি মনে করি না। অনেক দেশেই আমরা মানব সম্পদ রপ্তানি করি। তাদের মধ্যে কিছু দেশে ফেরত আসে এবং আবারও বিদেশে যায়।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালরয়ের সঙ্গে পরামর্শ করে পররাষ্ট্র সচিব তার কার্যালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন এবং এ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।"
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, মালয়েশীয় সরকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, "মালয়েশিয়ায় আসন্ন জাতীয় নির্বাচনের পরে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি।"
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বুধবার জানায়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে মালয়েশিয়া ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে।
যেসব দেশে বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি যায় মালয়েশিয়ার অবস্থান তার মধ্যে দ্বিতীয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সেদেশে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/কিউএইচ/জিএনএ/১৭১৭ ঘ.
bdnews24