ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত অধ্যাদেশ আগামী এক সপ্তাহের মধ্যে আইন আকারে পাস হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবার আইনমন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তত্ত্বাবধায়ক সরকারের জারি করা এ অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে পাস না হওয়ায় হাইকোর্ট বুধবার ব্যাখ্যা চাওয়ার একদিন পরই মন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন।
আইনমন্ত্রী বলেন, "আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এই বিলটি আইন আকারে পাস করা হবে। এ নিয়ে সন্দেহ বা দ্বিমত পোষণের কোন সুযোগ নেই।"
শফিক আহমেদ বলেন, "সংসদের প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি সংশোধনী সংক্রান্ত অধ্যাদেশটি সরকার আইন আকারে পাস করারও সিদ্ধান্ত নিয়েছে। এটি বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। তাদের মতামত পাওয়ার পরই তা আইন আকারে পাস করা হবে।"
২৪ ফেব্র"য়ারি অধ্যাদেশ পাস করার সময় পেরিয়ে যাওয়ায় আদালত বুধবার স্বত:প্রণোদিত হয়ে এক আদেশ দিয়ে বর্তমানে কর্মরত বিচারিক হাকিমদের আইনি কর্তৃত্বের ব্যাপারে জবাব দিতে সরকারকে ১৯ মার্চ পর্যন্ত সময় বেধে দেয়।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আব্দুল হাইয়ের বেঞ্চ এ আদেশ দেন।
সরকারের আইন সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে এ আদেশের জবাব দিতে বলা হয়েছে।
আদালত আদেশে বলেছে, "ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ (২ নং ও ৪নং) ২০০৭ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হলেও অধিবেশনের ৩০ দিন পার হওয়ার পরও অধ্যাদেশ দুটি পাস করা হয়নি।
"সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দুটি পাস না হওয়ায় গত ২৪ ফেব্র"য়ারি এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।"
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়ে একটি রিটের শুনানির সময় এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত নেয় আদালত।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর পর্যালোচনা কমিটিতে এই দ্ইু আইনজীবী ছিলেন।
আদালতের প্রশ্নের জবাবে তারা জানান, বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত অধ্যাদেশ সংসদে অনুমোদনের বিষয়ে তারা মতামত দিয়েছিলেন।
২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে যায়।
হাইকোর্টে ১০ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়ার পর কবে থেকে তাদের জ্যেষ্ঠতা বিবেচনা করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "যে দিন থেকে তারা নিয়োগ পাবেন, সেদিন থেকেই তাদের জ্যেষ্ঠতা ধরা হবে। মাঝের সময়টা বাদ যাবে।"
বিডিআরের ঘটনায় জড়িতদের আর্মি অ্যাক্টে বিচারের জন্য সরকারের ওপর কোনো চাপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, সরকারের ওপর কোনো দিক থেকে চাপ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/এসকে/১৭৫৮ঘ.
bdnews24