ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটেও অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "বৈঠকে ঢাকা চেম্বারের প্রতিনিধিরা বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব করেছে। তাত্ত্বিক ও নৈতিকভাবে আমি এর পক্ষে নই। তবে দেশের বাস্তবতার নিরিখে এটাকে বিবেচনার বাইরে রাখা যাবে না।
"তাদের এ প্রস্তাবের বিষয়টি আমরা (সরকার) বিবেচনা করে দেখবো," বলেন অর্থমন্ত্রী।
বৈঠক শেষে ঢাকা চেম্বারের সভাপতি জাফর ওসমান সাংবাদিকদের বলেন, "নতুন বাজেটে আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে কোনো প্রশ্ন ছাড়া শিল্প খাতে এবং শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছি।"
কেন এ প্রস্তাব করেছেন, জানতে চাইলে তিনি বলেন, "আমরা মনে করি, দেশের কোনো অর্থই অলস পড়ে থাকা ঠিক নয়। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিলে দেশে বিনিয়োগ বাড়বে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।"
অর্থমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, "নতুন বাজেটকে সামনে রেখে ঢাকা চেম্বার জাতীয় পরিচয়পত্রের আদলে আয়কর ডাটাবেজ তৈরি, বারবার এসআরও জারি না করা, ঢাকা কাস্টম্স হাউজকে অটোমেশনের আওতায় নিয়ে আসা, চট্টগ্রাম বন্দরের ওপর অতিরিক্ত চাপ কমাতে মংলা বন্দরকে আরো গতিশীল করাসহ আরো কিছু প্রস্তাব করেছে। তাদের প্রস্তাবগুলো যৌক্তিক বলে মনে করি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
২০০৭-০৮ অর্থবছরের বাজেটে ৭ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর চলতি ২০০৮-০৯ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ হারে জরিমানা দিয়ে জুলই-আগস্ট মাসের মধ্যে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়। পরে তা আরো দুই মাস বাড়িয়ে চার মাস করা হয়।
মালয়েশিয়ায় ৫০ হাজার শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, "এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমার মনে হয়, এর পেছনে কোনো রহস্য আছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৩৪৭ ঘ.
bdnews24