২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানভীরকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে জানাতে বলা হয়েছে। (আরো তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। সন্ধ্যা ৭টা ৪০ এ শুরু হওয়া এ দীর্ঘ বৈঠক রাত সাড়ে ১১ টা পর্যন্ত চলে। সোমবার এক সংবাদ সম্মেলনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকির ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকি ঢাকার মেয়র নির্বাচনে মনোনয়নের জন্য চেয়ারপার্সন খালেদা জিয়া তার কাছে পাঁচ কোটি টাকা চেয়েছেন বলে দাবি করেন। তিনি বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি ও আওয়ামী লীগের দুই সাবেক মেয়রসহ বিভিন্ন ব্যক্তির তীব্র সমালোচনা করেন। এর পরদিনই খালেদা জিয়া দলের স্থায়ী এই বৈঠক ডাকেন। রাত ১০টার দিকে স্থায়ী কমিটির বৈঠক চলা অবস্থায় দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান এক সংবাদ ব্রিফিং করেন। নজরুল ইসলাম বলেন, " চৌধুরী তানভীর আহম্মেদের উপস্থিতিতে তার ছেলে আমাদের নেত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা আপত্তিকর এবং দলীয় গঠনতন্ত্রের শৃঙ্খলা ভঙ্গের শামিল। দলের নেতা-কর্মীদের মধ্যে এ ধরণের বক্তব্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলের স্থায়ী কমিটি এ কারণে গঠনতন্ত্রের ৫/ঘ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে।" নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবারই এ নোটিশ তানভীর সিদ্দীকীর কাছে পৌঁছে দেওয়া হবে। সন্ধ্যা ৭টা ৪০ এ চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। সভায় আবদুল মতিন চৌধুরী, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ও ব্যারিস্টার মওদুদ আহমেদ ছাড়া স্থায়ী কমিটির সব সদস্যই উপস্থিত ছিলেন। যুগ্ম মহাসচিব আরো জানান, স্থায়ী কমিটির বৈঠকে বিডিআর এর হত্যাকাণ্ডের তদন্ত এবং সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়েও আলোচনা হয়। নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে বিডিআর এর হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের মন্ত্রী ও তার দলের সদস্যদের প্রতি তদন্ত প্রভাবিত হয় এমন কোন বক্তব্য না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, "ব্রিটিশ নাগরিক সাংবাদিক গাফ্ফার চৌধুরী দুই দিন আগে বিএনপি চেয়ারপারসন সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা কুরুচিপূর্ণ এবং ধৃষ্টতামূলক বলে মনে করে স্থায়ী কমিটি। বৈঠকে এ ধরণের বক্তব্যের নিন্দাও প্রকাশ করা হয়।" বিশেষ আমন্ত্রণে বিচারপতি টি এইচ খান ও এম কে আনোয়ার স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। সন্ধ্যা সাতটার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকি ও তার ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকির কুশপুত্তলিকা দাহ করে। তারা তানভীর সিদ্দীকিকে অবিলম্বে দল থেকে বহিস্কারেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এএল/এএনএস/এসকে/২২৫৯ঘ.