ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞে আলামতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নাকচ করে দিয়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, তার কাছে আলামত আছে এমন কোনো কথা তিনি বলেননি।
রোববার সন্ধ্যায় গুলশানের দলের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়া একথা বলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শনিবার বিকালে আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, "আপনি বলেছেন, আপনার কাছে এই ঘটনার আলামত আছে। এই আলামতগুলো তদন্ত কমিশনের কাছে তুলে দেওয়ার জন্য আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।"
শেখ হাসিনার ওই অনুরোধের জবাবে বিরোধী দলের নেতা বলেন, "আমি কখনই বলিনি, আমার কাছে আলামত আছে। প্রধানমন্ত্রী নিজে সংসদে বলেছেন, অনেক আলামত ইতোমধ্যে পাওয়া গেছে। তার সরকারের এক প্রতিমন্ত্রী বলেছেন, কোটি টাকা খরচ করে এ ঘটনা ঘটানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই আলামত পাওয়া যাবে। কাজেই সরকারেরই দায়িত্ব আলামত পেশ করা, ষড়যন্ত্র উদঘাটন করা।"
খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রতি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্পর্শকাতর এ ঘটনা নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান।
তিনি বলেন, "যা ক্ষতি হয়ে গেছে, যে ভুল ইতোমধ্যে হয়ে গেছে, তা আর ফেরানো যাবে না। এখনও সময় আছে, প্রতিশোধ ও প্রতিহিংসার পথ ছেড়ে সঠিক তদন্তের মাধ্যমে সব ঘৃণ্য অপরাধী, পরিকল্পনাকারী ও উস্কানি দাতাদের মুখোশ উম্মোচন করুন।"
খালেদা জিয়া অভিযোগ করেন, পিলখানার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী সংসদের ভেতরে এবং বাইরে মিথ্যাচার করেছেন।
সবাইকে নিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়ে বিরোধী দলের নেতা বলেন, "জাতি হিসেবে আর কোনো রক্তপাত, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বহন করার সাধ্য আমাদের নেই।"
এ কথা স্মরণে রেখে অগ্রসর হওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়া পিলখানার ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সন্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি পুনর্বার ব্যক্ত করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি নিহত সেনা কর্মকর্তাদের বাসায় গিয়ে সমবেদনা জানানোর কথা তুলে ধরে বলেন, "তাদেরকে সান্তনা দেওয়ার কোনো ভাষা আমার নেই। আমরা যদি দেশদ্রোহী ঘাতকচক্র, ঘটনার পেছনের পরিকল্পনাকারী ও উস্কানিদাতাদের চিহিত করতে পারি, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে পারি, তাহলেই তারা কিছুটা সান্তা খুঁজে পাবে।"
'রেবেল হান্ট' নামে সেনা অভিযান সীমিত করে দেওয়াকে দুঃখজনক বলে সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা।
পাশাপাশি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি পুনর্গঠন ও সিআইডি'র তদন্ত টিমের অন্তুর্ভুক্ত সদস্যদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
খালেদা জিয়া বলেন, "এসব কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে কি না ও নিরপেক্ষ তদন্তের ব্যাপারে সরকার সত্যিই আন্তরিক কি না তা নিয়ে ঘোর সন্দেহ দেখা দিয়েছে।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. আর এ গনি, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24