২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় মামলা, মেহেন্দীগঞ্জে আ'লীগের কার্যক্রম স্থগিত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহতের হওয়ার ঘটনায় দলের উপজেলা সাধারণ সম্পাদকসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

বরিশাল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহতের হওয়ার ঘটনায় দলের উপজেলা সাধারণ সম্পাদকসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংঘর্ষ ও ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। উপজেলার পাতারহাটে শনিবার সকালে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে স্থানীয় ছাত্রলীগ কর্মী রিয়াজ উদ্দিন পলাশ (২৪) নিহত হন। আহত হন অন্তত ২০ জন। রাতেই পলাশের মামা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন মেহেন্দীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক পৌর কমিশনার নওয়াব হোসেন, সাইফুল, বেল্লাল, রিপন, মফিজ খান, মনির জমাদ্দার, ইউনুছ মাঝি ও খায়রুল মোল্লা। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থক। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে নিহত পলাশের লাশের ময়নাতদন্ত রোববার সকালে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে সম্পন্ন হয়। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে মেহেন্দীগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মেহেন্দীগঞ্জ উপজেলা কমিটির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি তাদের কার্যক্রম স্থগিত করেছে। রোববার ওই কমিটির সদস্যদের মেহেন্দীগঞ্জ যাওয়ার কথা ছিল। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যদের আজ (রোববার) মেহেন্দীগঞ্জে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.