২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলে সভাপতিমণ্ডলীতে বিরোধী দলের কাউকে রাখা হয়নি: স্পিকার

ভুলে সভাপতিমণ্ডলীতে বিরোধী দলের কোনো সাংসদকে অন্তর্ভূক্ত করা হয়নি বলে জানালেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুলে সভাপতিমণ্ডলীতে বিরোধী দলের কোনো সাংসদকে অন্তর্ভূক্ত করা হয়নি বলে জানালেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। সংসদ পরিচালনায় আগামীতে এরকম কোনো ভুল হলে তা ধরিয়ে দেওয়ার জন্য সাংসদের প্রতি আহবান জানান তিনি। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে স্পিকার বলেন, "যেটা ভুল সেটা আমি স্বীকার করি। তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়েছে।" স্পিকার আরো জানান, বিরোধী দলের সদস্যদের অন্তর্ভূক্ত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে কোনো অনুরোধও করা হয়নি। স্পিকারের এই বক্তব্যের পর শেখ হাসিনাসহ সবাই টেবিল চাপড়ে আব্দুল হামিদকে অভিনন্দন জানান। এর আগে, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক অভিযোগ করে বলেন, "মাননীয় স্পিকার গত ২৫ জানুয়ারি সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করেছেন। কিন্তু তিনি বিরোধী দলের কোনো সদস্যকে এই প্যানেলে অন্তর্ভূক্ত করেননি।" জয়নাল আবদীন ফারুক আরো বলেন, "এই প্রথম কোনো বিরোধীদলীয় সাংসদকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভূক্ত করা হলো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম