ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রস্তাব দিয়েছেন এলডিপি সভাপতি সাংসদ ওলি আহমেদ।
বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন। এজন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান তিনি।
ওলি আহমেদ বিদায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীনকে ধন্যবাদ না জানিয়ে বলেন, "তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিয়ে অত্যন্ত জঘন্য কাজ করেছিলেন। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে। রাজনীতিকরা একে অপরকে সম্মান এবং নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হবে না। তাহলে ওই সময়টিতে কিছু কর্মকর্তা নসিহত করারও সুযোগ পাবেন না।"
ওলি আহমেদ গত দু'বছরে যারা এবং যেসব কর্মকর্তা রাজনীতিকদের অপমানিত করেছেন এবং চট্টগ্রামের খাতুনগঞ্জসহ বিভিন্ন জায়গায় ব্যাবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ারও দাবি জানান। এজন্য তিনি স্পিকারের কাছে একটি সংসদীয় কমিটি গঠনেরও দাবি জানান।
যুদ্ধপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "যুদ্ধপরাধীদের বিচার এখন সময়ের দাবি। এটা হলে দেশ পাকিস্তানি দালালমুক্ত হবে। আওয়ামী লীগের ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
রাষ্ট্রপতির ভাষণের ওপর বুধবার আরও বক্তব্য রাখেন বরিশালের সাংসদ তালুকদার মো. ইউনুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএমএ/টিআর/২২১৭ঘ.
bdnews24