সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনের সময় আচরণবিধি লংঘনের অভিযোগে মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ ছয়জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
সোমবার বিকেলে মামলার বাদি সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নীতিশ চন্দ্র দে এবং বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনে সাক্ষ্য নেওয়া হয়। সিরাজগঞ্জের বিচার বিভাগীয় হাকিম সিরাজউদ্দীন ইকবাল তার খাসকক্ষে পৃথকভাবে তাদের সাক্ষ্য নেন।
সাক্ষ্য নেওয়ার সত্যতা নিশ্চিত করে বাদি নীতিশ চন্দ্র ও তার পক্ষের আইনজীবী মো. রফিক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যায়ক্রমে আগামী ১৯ ও ২২ ফেব্র"য়ারি মামলার বাকি সাত সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
অভিযোগ প্রমাণিত হলে আসামিদের অর্থদণ্ডসহ দুই থেকে সাত বছর কারাদণ্ড হতে পারে জানিয়েছেন আইনজীবী রফিক সরকার।
তিনি বলেন, "উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১৪ ও ১৫ ভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়েছে।"
গত ২২ জানুয়ারী উপজেলা নির্বাচন চলাকালে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ভোটদানে বাধ্য করাসহ নানাবিধ অভিযোগে নির্বাচন কমিশন সকাল সাড়ে ১১টায় নির্বাচন স্থগিত করে।
এ ঘটনায় ৫ ফেব্র"য়ারি জেলা নির্বাচন কর্মকর্তা নীতিশ চন্দ্র মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার মেয়ে মেয়ে সোমা বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন। আদালত ১৬, ১৯ ও ২২ ফেব্র"য়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক সরকার, মন্ত্রীর ব্যক্তিগত সবিচ মো, হিল্টন রহমান, আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ আকন্দ এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন প্রামাণিক।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাইউম সরকার, সহকারী রির্টানিং অফিসার বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সোহাগপুর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন, একই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মাসুদ করিম এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনকে মামলায় সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24