২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব-নির্বাচিত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে বিএনপির অভিনন্দন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্ষীয়ান রাজনীতিক জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় তাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, "তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এরই মধ্যে জিল্লুর রহমান বলেছেন যে, আইন ও সংবিধান অনুযায়ী তিনি কাজ করবেন। আমরা তা দেখার প্রতিক্ষায় রইলাম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্ষীয়ান রাজনীতিক জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় তাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, "তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এরই মধ্যে জিল্লুর রহমান বলেছেন যে, আইন ও সংবিধান অনুযায়ী তিনি কাজ করবেন। আমরা তা দেখার প্রতিক্ষায় রইলাম।" বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার প্রস্তাবিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স সম্পর্কে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "এ ধরনের টাস্কফোর্স দেশের জন্য অপ্রয়োজনীয় ও আত্মঘাতী বলে বিবেচিত হবে। প্রকৃতপক্ষে আমাদের দেশের অভ্যন্তরে সন্ত্রাস দমনে বহুপাক্ষিক কার্যক্রম শুরু হবে। এর ফলে দেশে বিদ্যমান স্থিতিশীলতা, এমন কি স্বাধীন অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে।" তিনি জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে সরকার প্রস্তাবিত টাস্কফোর্স নিয়ে আলোচনা হয়েছে। দেলোয়ার বলেন, বিগত জোট সরকারের আমলেই জঙ্গিদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা হয়। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, ওই সময় ৭২৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা হয়। তাদের মধ্যে ৫৪ জনের ফাঁসির রায় এরই মধ্যে কার্যকর করা হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি মনে করে দেশে বর্তমানে কার্যত কোন জঙ্গি তৎপরতা নেই এবং এই সাফল্য অর্জনে বাংলাদেশকে কোন বিদেশী রাষ্ট্রের সাহায্যও নিতে হয়নি। বরং পুলিশ, র‌্যাব, বিডিআর ও সশস্ত্র বাহিনী জঙ্গি তৎপরতা দমনে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা না রেখে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে বিদেশী বাহিনীকে দেশের অভ্যন্তরে কাজ করার সুযোগ করে দিতে চায়। সরকারের এই অযৌক্তিক আগ্রহ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জঙ্গি তৎপরতা থেকে দেশকে মুক্ত রাখার জন্য সচেতন জনগণ, প্রচলিত আইন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীই যথেষ্ঠ। দেশের স্বার্থবিরোধী সরকারি তৎপরতা প্রতিরোধে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এছাড়া টাস্কফোর্সের ধারণা সম্পর্কে দেশের মানুষ কিছুই জানে না বলেও তিনি অভিযোগ করেন। অপর এক প্রশ্নের জবাবে দেলোয়ার সাংবাদিকদের বলেন, "পুতুল সরকারের পুতুল পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন বাংলাদেশকে 'বাফার স্টেট' বলার প্রতিবাদ পর্যন্ত করতে পারেননি, এটি খুবই দুঃখজনক।" প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর বাংলাদেশ সফর উপলক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপু মনিকে প্রশ্ন করেন ' ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা পরিচালনার জন্য পাকিস্তান বাংলাদেশকে 'বাফার স্টেট' হিসেবে ব্যবহার করছে কি না।' সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ ইলিয়াস আলী, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, খায়রুল কবির খোকন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৯২৯ঘ.