ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সময়ে যেসব সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে পর্যবেক্ষণের অভাবে তার মধ্যে অনেকগুলোই লাভজনক হয়নি বলে জানিয়েছেন বেসরকারিকরণ কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান মির্জা আবদুল জলিল।
বুধবার দায়িত্ব নেওয়ার পর বিকেলে তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা করেন।
বেসরকারিকরণ করার পরও অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে কোনটা কোনটা আবার লাভজনকও ছিল। কি কারণে এমন হলো, এ প্রশ্নের জবাবে মির্জা জলিল বলেন, "বেসরকারিকরণ করার পর সঠিকভাবে পর্যবেক্ষণ না করায় অনেক শিল্প প্রতিষ্ঠান লাভজনক হয়নি। যেভাবে প্রতিষ্ঠানগুলোকে চালানোর কথা সেভাবে চালানো হয়নি। এখন থেকে পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে।"
তিনি আরও বলেন, "এখনো প্রায় ৭০ টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের অপেক্ষায় রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কারণে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এসব মন্ত্রণালয় আরও উদ্যোগী হয়ে খোলা মনে সহযোগিতা করলে কমিশনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি।"
আরেক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, "বেসরকারিকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিশনের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে। এই অবস্থা দুর করতে হবে। কেননা কমিশন যা করে তা সরকারের সিদ্ধান্ত মেনেই করে। এটিকে বাধাগ্রস্থ করা কোনও মন্ত্রণালয়েরই উচিত নয়।"
রূপালী ব্যাংক বিক্রির প্রক্রিয়া ব্যর্থ হলো কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "যারা ব্যাঙ্কটিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সঠিকভাবে চিন্তা-ভাবনা করেননি। তারা ক্রেতা চিনতে ভূল করেছিলেন।"
রূপালী ব্যাংক বিক্রির বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে ড. জলিল বলেন, "আমি নতুন এলাম। এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমরা আপাতত এ বিষয়ে চুপচাপ রয়েছি।"
তিনি বলেন, "স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া অন্য যেসব দলই সরকারে এসেছে তারাই জনগণ, গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী পদক্ষেপ নিয়েছে। এর ফলে তারা প্রকৃত অর্থে দেশের কোন উন্নয়ন করেনি।"
বিশ্ব ব্যাংক বা আইএমএফ'র নির্দেশে সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হবে কি না? এই প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, "একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কমিশন গঠন করা হয়েছিল। এই দেশটা আমাদের। বিশ্ব ব্যাংক বা আইএমএফের নির্দেশে আমরা চলি না। দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ কমিশন নেবে না।"
কৃষক লীগের সভাপতি মির্জা জলিল মঙ্গলবার বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/১৯০৩ঘ.
bdnews24