ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- সিএনএন-আইবিএন টেলিভিশনকে উদ্ধৃত করে 'বিডিআর বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত' শিরোনামে বিডিনিউজ২৪ডটকমে প্রকাশিত খবরে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
নাম উল্লেখ না করা কয়েকটি ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওই টিভি প্রতিবেদনে বলা হয়, "জামায়াতে ইসলামী দেশব্যাপী এই বিডিআর বিদ্রোহীদের প্ররোচনা দিচ্ছে ও অর্থায়ন করছে। বিদ্রোহীদের অর্থায়নের পেছনের 'মূল নায়ক' বিএনপি নেতা সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।"
এ প্রসঙ্গে বুধবার রাতে বিডিনিউজ ২৪ ডটকমকে টেলিফোনে তিনি বলেন, "ভারতের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা থেকে বোঝা যায় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ ও বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা।"
তিনি আরও বলেন, "বিডিআরের ন্যাক্কারজনক ঘটনাবলীতে বাংলাদেশের কেউ লাভবান হতে পারে না। বিডিআর ও বাংলাদেশের সামরিক বাহিনীর মতো দুটি জাতীয় প্রতিষ্ঠান দুর্বল হলে কোন শক্তি লাভবান হবে তা সারা বিশ্ববাসীর বুঝতে অসুবিধা হবে না।"
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/এইচএ/০০০৬ ঘ.
bdnews24