ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আমলে এনে ৩৪টি উপজেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
এগুলোর মধ্যে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা অনিয়ম ও সহিংসতার অভিযোগে স্থগিত হওয়া ছয়টি উপজেলায় শিগগিরই পুনর্র্নিবাচন, ২০টির ফলাফল স্থগিত করে বিচার বিভাগীয় তদন্ত এবং আটটি উপজেলার স্থগিত কেন্দ্রগুলোতে পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এটিএম শামসুল হুদা এ কথা জানান।
সিইসি বলেন, "এসব উপজেলায় আংশিক পুনর্ভোট এবং আংশিক বিচারবিভাগীয় তদন্ত হবে। স্থগিত ফলাফলের পর সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনে অনিয়মের বিচারবিভাগীয় তদন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এক মাসের মধ্যে এ তদন্ত শেষ হবে।"
তিনি বলেন, "জাতীয় নির্বাচনের পরপর উপজেলা নির্বাচন হওয়ায় কয়েকটি কারণে উপস্থিতির হার আশাব্যঞ্জক হয়নি। তবে সার্বিকভাবে এ নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। সিটি ও পৌর নির্বাচন এবং নবম সংসদ নির্বাচনের মতো এটিও সন্তোষজনক হবে আশা করেছিলাম। সামগ্রিক উপস্থিতি ভালো।"
তিনি বলেন, নির্বাচনের দিন কয়েকটি উপজেলার চিত্র দেখে 'প্রি ম্যাচিউর মন্তব্য' করা ঠিক হয়নি ।
শামসুল হুদা জানান, এবার সারাদেশে উপজেলা নির্বাচনে গড়ে ৬৮ দশমিক ৩২ শতাংশ ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে এ হার ছিল ৮৬ দশমিক ২৯ শতাংশ।
সিইসি বলেন, "৪৮১টি উপজেলার মধ্যে ২৯টি জেলার ৪৪৬ উপজেলার ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। যেগুলোর আংশিক ফলাফল হয়েছে, সেগুলোর গেজেট দুয়েক দিনের মধ্যে প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।
যে ছয়টি উপজেলায় পুনর্র্নিবাচন হবে
নির্বাচনের দিন চারটি উপজেলা (ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি) এবং নির্বাচনের আগে খাগড়াছড়ির দিঘীনালা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি। এ ছয়টি উপজেলায় শিগগির পুনঃনির্বাচন হবে।
ফলাফল স্থগিত ও তদন্ত চলবে ২০টিতে
নির্বাচনের পর ২৭ জানুয়ারি প্রথম দফায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কক্সবাজারের টেকনাফ, গাজীপুরের কালীগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার আরও ১৩ উপজেলার মধ্যে ৭টির পুরো ফলাফল স্থগিত, ২টিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদ এবং ৪টির চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে।
এগুলো হলো- জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোণার আটপাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কুমিল্লার চান্দিনা, লক্ষ্মীপুরের রায়পুর, ঝিনাউদহের হরিণাকুণ্ডু ও ছাগলনাইয়ার ফেনী উপজেলার তিনটি পদের ফলাফল স্থগিত করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গফরগাঁওয়ের মহিলা ভাইস চেয়ারম্যান পদ এবং মাদারীপুর সদর, সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, কুমিল্লার দাউদকান্দির চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে।
এসব উপজেলার ব্যাপারে বিচারবিভগীয় তদন্ত এক মাসের মধ্যে শেষ করার জন্য আইনমন্ত্রণালয়কে নির্দেশনা পাঠানো হচ্ছে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন।
৮টি উপজেলার বিভিন্ন পদে ভোট
নির্বাচনের দিন ২৩টি উপজেলার স্থগিত করা ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি উপজেলার স্থগিত কেন্দ্রে পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এসব উপজেলা হচ্ছে- সিরাগঞ্জের চৌহালী (১টি কেন্দ্র), জামালপুরের ইসলামপুর (১টি), ময়মনসিংহের নান্দাইল (৪টি), মুন্সিগঞ্জের গজারিয়া (১), নারায়ণগঞ্জের রূপগঞ্জ (১), চাঁদপুরের ফরিদগঞ্জ (১), লক্ষ্মীপুর সদর (১)ও চট্টগ্রামের সদ্বীপ (১)।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২০২১ঘ.
bdnews24