২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা এই অধিবেশনেই যোগ দিতে চাই: সা কা চৌধুরী

বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তারা চলতি অধিবেশনেই সংসদে যোগ দিতে চায়। সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' স্পিকার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আমরা সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছি। আমরা সংসদের এই অধিবেশনেই যেতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তারা চলতি অধিবেশনেই সংসদে যোগ দিতে চায়। সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' স্পিকার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আমরা সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছি। আমরা সংসদের এই অধিবেশনেই যেতে আগ্রহী। তবে তার আগে স্পিকারকে আমাদের আসনগুলো পুনর্বহালের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে।'' নতুন স্পিকার নবম সংসদে বিরোধীদলের আসন পুনর্বিন্যাস করার পর থেকে অধিবেশনে যোগদান থেকে বিরত রয়েছে বিএনপিসহ তার মিত্র সাংসদরা। নবম সংসদের প্রথম এ অধিবেশন চলবে আগামী ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত। সোমবার বিকেল চারটায় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার সম্মেলন কক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্পিকার আগামী অধিবেশনে আমাদের আসনগুলো পুনর্বহাল করার সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিলে আমরা এ অধিবেশনে যোগদানের বিষয়টি বিবেচনা করতে পারি। আসন পুনর্বিন্যাসের কোনো সুরাহা না হলে সংসদে বিএনপিসহ বিরোধী দলের সদস্যদের এ অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হবে না।" রোববার রাতে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। জয়নাল আবেদীন ফারুক সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি। সংসদে আমরা যোগ দিতে চাই-এ বিষয়টি বলেছি। স্পিকার আমাদের দেওয়ার জন্য আসনগুলো যেভাবে পুনর্বিন্যাস করেছেন, তা পুনর্বিবেচনার জন্য আমরা তাকে অনুরোধ করেছি।" জয়নাল আবেদীন ফারুক জানান, গত রাতের সাক্ষাতে স্পিকার তাদের সংসদে ফিরে আসার অনুরোধ করেছেন এবং আসন পুনর্বিন্যাসের বিষয়টি আগামী অধিবেশনে বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক সকালে আমার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, তারা সংসদে ফিরে আসতে চান। তার জন্য জন্য কিছু আশ্বাস দরকার।" তিনি বলেন, "আমি তাকে বলেছি, স্পিকার যে আপনাদেরকে যে আশ্বাস দিয়েছেন তাকে আমি স্বাগত জানাই।" গত ২৮ জানুয়ারি নতুন স্পিকার হামিদ বিরোধী দলের আসন পুনর্বিন্যাস করে প্রথম সারিতে বিএনপিকে ৪টি আসন দেন। দ্বিতীয় ও তৃতীয় সারিতেও একই সংখ্যক আসন দেওয়া হয় বিএনপিকে। এর আগে নবম সংসদের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে ১০টি আসনের মধ্যে ৯টি আসন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এজে/জিএনএ/১৪২৫ ঘ.