২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই: পিনাক রঞ্জন

পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সফর উপলক্ষে শুধু মাত্র দু'টি চুক্তি নিয়ে বিচার-বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, চুক্তি দুটির মধ্যে একটি বাণিজ্য ও অপরটি সম্প্রতি আলোচিত হওয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা বিষয়ক চুক্তি । (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সফর উপলক্ষে শুধু মাত্র দু'টি চুক্তি নিয়ে বিচার-বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, চুক্তি দুটির মধ্যে একটি বাণিজ্য ও অপরটি সম্প্রতি আলোচিত হওয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা বিষয়ক চুক্তি । সাংবাদিকদের পিনাক রঞ্জন বলেন, "আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মূখার্জীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেছি।" প্রণব মুখার্জী সোমবার একদিনের ঝটিকা সফরে বাংলাদেশ সফরে আসছেন। ভারতীয় দূত বলেন, "দুই দেশের মধ্যে বহু অমীমাংসিত বিষয় রয়েছে। আমি সেসব বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেছি এবং মীমাংসার পথে এগিয়ে যাওয়ার জন্য তার সহযোগিতা কামনা করেছি।" অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে তিনি পানি, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার কথা উল্লেখ করেন। বৈঠকে সমুদ্রসীমা নিয়ে কোন আলোচনা হয়নি বলে উল্লেখ করে পিনাক বলেন, " এটি আমার আলোচ্য সূচীতে ছিল না।" ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে সব বিষয় নিয়েই আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, "আমরা প্রায় সব বিষয় নিয়ে আলোচনা করবো। কোন কিছুই বাদ যাবে না। নির্দিষ্ট কোন আলোচ্য বিষয় থাকছে না।" তিনি বলেন, "এসব অমীমাংসিত বিষয়ের কিছু মীমাংসা করার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে চেষ্টা চালাবো আমরা ।" মুম্বাইতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশী বংশোদ্ভূত একজনের জড়িত থাকার ব্যাপারে পাকিস্তানের দাবি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই-কমিশনার বলেন, "পাকিস্তান থেকে সরকারিভাবে কোন কথা ভারতকে জানানো হয়নি। তারা বলেছে, তারা আমাদের পাঠানো তথ্য-প্রমাণের ব্যাপারে জবাব দেবে যাতে পরিস্কারভাবে বলা হয়েছে ওই হামলাকারীরা স্পষ্টতই পাকিস্তানের লোক।" পিনাক চক্রবর্তী বলেন, "অবশ্যই আমরা নতুন বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি। এর মধ্যে সন্ত্রাস বিরোধী একটি টাস্কফোর্স গঠনের কথাও রয়েছে।" তবে এ ব্যাপারে আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি অভিমত দেন। রাষ্ট্রদূত বলেন, "সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদী তৎপরতা এবং এসবের মতো বিষয়গুলো নির্মূল, অন্তত লড়াই করার ব্যাপারে পারস্পরিক সহযোগিতাই আমাদের লক্ষ্য। কেননা সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতা আমাদের অভিন্ন শত্র"। তাই এগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।" সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতাকে পিনাক 'সমাজ, অগ্রগতিসহ সব ধরণের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের শত্র"' বলে অভিহিত করেন। ট্র্যানজিট দেওয়া হলে বাংলাদেশ ভারতের 'বিচ্ছিন্নতাবাদীদের' লক্ষ্যবস্তু হতে পারে বলে এদেশের বিরোধীদলের যে উদ্বেগ সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পিনাক বলেন, "এগুলো কল্পনাপ্রসূত। সামান্যতম সত্যও এখানে নেই।" দুই সরকারই এ বিষয়গুলো আলোচনা করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কেউ যখন কিছু করতে চায় না তখনই আজেবাজে কথা বলে। পিনাক বলেন, "সম্ভবত রাজনৈতিক অবস্থান থেকে এর বিরোধিতা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/১৯০০ঘ.