২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি দমনে দুদক ব্যবহৃত হয়নি: হাসান মশহুদ

রাজনীতি দমনে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতি দমনে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। কমিশনের নিয়মিত ব্রিফিং-এ বৃহস্পতিবার তিনি এ দাবি করে বলেন, "সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই দুদকের তদন্ত কর্মকর্তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। জমির দলিল, ব্যাংকের দলিলসহ বিভিন্ন দালিলিক প্রমাণের ভিত্তিইে মামলা করা হয়েছে। আদালতও রায় দিয়েছে তারই ভিত্তিতে। রাজনীতিকদের দমনে দুদককে ব্যবহার করা হয়েছে, এই বক্তব্য মোটেও সঠিক নয়।" প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের কয়েকজন সাংসদের বক্তব্যের ফলে সৃষ্ট পরিস্থিতিতে পদত্যাগ করার চিন্তা-ভাবনা করছেন কিনা, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "উত্তেজিত হয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক বলে আমি মনে করি না। আশা করছি ভবিষ্যতে বিষয়টি আরও পরিষ্কার হবে।" আগেরদিন বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "যখনই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের নামে রাজনীতি দমন শুরু করলো, তখনই তাদের প্রয়াস ব্যর্থ হওয়া শুরু করে। যখনই তারা রাজনীতিক দমন, তাদের পছন্দ মতো দল গঠন, মানুষের ওপর নির্যাতন শুরু করলো তখনই তাদের প্রয়াসও ব্যর্থতার পথ ধরে হাঁটা শুরু করলো।" তিনি আরও বলেন, "দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠিত করে একে আরো শক্তিশালী ও এর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কমিশন যেন আবারও দুর্নীতিতে জড়িয়ে না পড়ে সেটিও নিশ্চিত করা হবে।" অবশ্য প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের কাছে সরাসরি কোনো মন্তব্য না করে দুদক চেয়ারম্যান বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা বা বক্তব্য দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। সুযোগ থাকলেও আমি ব্যাখ্যা দিতাম না। কেননা তা অশোভন হবে বলে আমি মনে করি। এর জন্য যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে তিনি নিজেই তা দেবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না।" হাসান মশহুদ আরও বলেন, "এখন আমাদের বড় দায়িত্ব হচ্ছে নতুন সরকারের সঙ্গে কাজের সম্পর্ক তৈরি করা। দুদকের অনুসন্ধান ও তদন্ত পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করা।" এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, "গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সৌজন্য সাক্ষাত করেছি। ওই দিন দুদকের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আইন সংস্কার নিয়েও কথাবার্তা হয়েছে। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করছি যেখানে যে ব্যবস্থা দরকার সরকার তা নেবে।" তত্ত্বাবধায়ক সরকারের সময়কার দুদকের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে বিভিন্ন মতামত থাকতে পারে। তবে অভিযোগটি মোটেও সঠিক নয়। ওই সময় আমরা যতটা তথ্য প্রমান পেয়েছি তার ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। এখনো প্রমাণিত হয়নি যে দুদক প্রশ্নবিদ্ধ কোনো কাজ করেছে।" 'অপনার বিরুদ্ধে আনা একটি অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারই অধিনস্ত দুই কমিশনারকে, এতে তদন্ত প্রভাবিত হবে কিনা, এমন প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, "তারা আমার অধিনস্ত এটা সঠিক নয়। তারা দু'জনেই স্বাধীনভাবে কাজ করছেন। অভিযোগ সম্পর্কে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। প্রয়োজন হলে তারা আমাকে আরও জিজ্ঞাসাবাদ করতে পারেন। " ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর তাদের কোনো নেতার বিরুদ্ধে দুদক মামলা বা অভিযোগপত্র দেয়নি, এর কারণ জানতে চাইলে তিনি বলেন, "এটা আমাদের ইচ্ছেকৃত নয়।" দুদকে প্রায় দুই বছরের দায়িত্ব পালনকালে তিনি ৫১ ভাগ সন্তষ্ট হয়েছেন বলে জানান। ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি দুদকের চেয়ারম্যান হিসাবে হাসান মশহুদ চৌধুরীকে নিয়োগ দেয় তত্ত্বাবধায়ক সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/টিআর/১৮৫২ঘ.