ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন পুনর্বিন্যাস প্রশ্নে স্পিকারের কাছ থেকে 'গ্রহণযোগ্য' প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আগামী ৯ ফেব্র"য়ারি সোমবার পর্যন্ত নিজেদের সংসদীয় দলের সভা মুলতবি করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় বিএনপির সাংসদরা স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর দলের নেতা এম কে আনোয়ার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "স্পিকারের তরফ থেকে আসন পুর্নবিন্যাস নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পেলে আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। বিরোধী দল হিসেবে বিএনপি সংসদে যেতে চায় এবং সরকারকে সহযোগিতা করতে চায়।"
এর আগে সন্ধ্যা ৬ টার দিকে বিএনপির সাংসদরা জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ারের নেতৃত্বে স্পিকারের সঙ্গে দেখা করতে যান। তারা প্রায় আধ ঘন্টা স্পিকারের সঙ্গে বৈঠক করেন।
পরে সংসদ ভবনে বিরোধী দলের উপনেতার সম্মেলন কক্ষে এ কে আনোয়ার সাংবাদিকদের কাছে এ বৈঠকের বিষয় বস্তু তুলে ধরেন।
তিনি বলেন, "আমাদের সংসদীয় দলের সভা আগামী ৯ ফেব্র"য়ারি বিকেল চারটা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। আমরা স্পিকারের কাছে সভা মুলতবির বিষয় উল্লেখ করে আসন পুনর্বিন্যাস নিয়ে সমস্যার সুনির্দিষ্ট সমাধান চেয়েছি। তবে তিনি এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত জানাননি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা সংসদ বর্জন করতে চাই না। সংসদের ভেতরেই সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারী দলের আব্দুল জলিল, মহীউদ্দিন খান আলমগীর তাদের ওপরে নির্যাতনের যেসব কথা বলেছেন, সংসদে থাকলে আমরাও তাদের সঙ্গে একই সুরে কথা বলতে পারতাম।"
সাবেক এ মন্ত্রী বলেন, "আমরা মনে করি রাজনীতিবিদদের আটক করে যেভাবে নির্যাতন করা হয়েছে তা বন্ধের জন্য সংসদীয় কমিটি করা প্রয়োজন।"
বিএনপির এ সাংসদ আরও বলেন, খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ প্রত্যাহার করে নেওয়ার কথা তারা স্পিকারকে অবহিত করেছেন।
নির্ধারিত তিন মাস পূর্ণ হওয়ায় খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রত্যাহার করে বিধি অনুযায়ী মন্ত্রী পর্যায়ের পুলিশী
নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে বিএনপি এর প্রতিবাদ করে তা পুনর্বহালের দাবি করেছে।
সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, জাফরুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, এ কে এম হাফিজুর রহমান, নুরুল ইসলাম মঞ্জু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাসিনা আহম্মেদ, রোমানা মাহমুদ প্রমুখ সাংসদ উপস্থিত ছিলেন।
স্পিকারের সঙ্গে বৈঠকের আগে বিকেল ৫টায় বিরোধী দলীয় উপনেতার সভা কক্ষে সালাউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
আসন পুর্নবিন্যাসের প্রতিবাদে গত ২৮ জানুয়ারি থেকে বিএনপি সংসদ অধিবেশনে যোগদান থেকে বিরত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২০৩৫ঘ.
bdnews24