ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা পুনর্প্রবর্তনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্ন - উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক একথা জানান।
রাজশাহী - ৬ আসনে আওয়ামী লীগের সাংসদ মোঃ শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে ড.আব্দুর রাজ্জাক বলেন, "নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা পুনর্প্রবর্তন করবার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।"
এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, "সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দ্রব্যমূল্য এখন কমের দিকে।"
তিনি সংসদে জানান, চাল সংগ্রহ নিয়ে যেনো কোনো অনিয়ম না হয় সে দিকে সরকারের লক্ষ্য রয়েছে।
চাল সংগ্রহ প্রসঙ্গে তিনি আরো বলেন, "সরকারী গুদামে জায়গা না থাকায় আমরা কিছুটা আস্তে যাচ্ছি।"
এরপর, আব্দুর রহমান এক সম্পূরক প্রশ্নে খাদ্য মন্ত্রীর কাছে জানতে চান, বিগত জোট সরকারের সময়ে যারা ত্রাণের ঢেউ টিন আত্মসাত করেছেন তদন্ত করে তাদের তালিকা প্রকাশ করা হবে কিনা।
জবাবে ড.আব্দুর রাজ্জাক বলেন, "বিগত জোট সরকারের সময়ে কোন এলাকায় কত ত্রাণ সামগ্রী গেছে তার হিসাব নেওয়া হচ্ছে। এগুলো চিহ্নিত করে কতোটা অপচয় হয়েছে তা বের করবো। আশা করছি আমরা জাতির সামনে তুলে ধরতে পারবো- জোট সরকারের আমলে ত্রাণের সামগ্রী নিয়ে কতোটা ছিনিমিনে খেলা হয়েছে।"
আরেক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান জনান, চালের দাম কমানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্য মন্ত্রী জানান, অভ্যন্তরীন বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং মূল্যের উর্দ্ধগতি রোধ করার জন্য সরকার সব রকমের চালের রপ্তানী চলতি বছরের আগামী পাঁচ মে পর্যন্ত নিষিদ্ধ করেছে হয়েছে। ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও ডিজেলের দাম কমানো হয়েছে এবং ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
ফারুক খান আরো জানান, চালের পরিবহণ ব্যবস্থায় সব ধরনের চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় চারটি বৃহৎ পাইকারি বাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটিগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও চালের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সাথে নিয়মিত সভার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাটোর - ১ এর আওয়ামী লীগের সাংসদ মোঃ আবু তালহার এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে জড়িত সিন্ডিকেটের পাশাপশি অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে।
এপ্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, "কোন কর্মচারী ও কর্মচারীর বিরুদ্ধে এই ধরণের কোনো সুষ্পষ্ট অভিযোগ পাওয়া গেলে, বিষয়টি যথাযথভাবে তদন্তপূর্বক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
নওগাঁ - ২ এর সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, "ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশকে (টিসিবি) কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা সরকারের রয়েছে। টিসিবি'কে পুনর্গঠনের ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে, টিসিবিকে আরো কার্যকর করার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের গঠন করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/জিএনএ/২০৩২ ঘ.
bdnews24