ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন বণ্টন নিয়ে বিরোধী দলের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য স্পিকারের প্রতি আহবান জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে অলি আহমেদ এ আহবান জানান।
সংসদে এই প্রথম আসন বণ্টন সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হলো।
অলি বলেন, "জাতীয় কোনো ইস্যু ছাড়া বিরোধী দল সংসদে আসছে না। বিগত স্পিকার যে সমস্যা সৃষ্টি করে গেছেন তার সমাধান করা উচিত। আমি আশা করছি, স্পিকার এই সমস্যা সমাধানের ব্যবস্থা নেবেন। দরকার হলে দুই চিফ হুইপকে ডেকে তিনি একটা সমাধানে পৌঁছাবেন।"
এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, "বিরোধী দলের সঙ্গে অবিবেচক আচরণ করা হয়নি। আসন বণ্টনের ছুতোয় তারা সংসদে আসছেন না। প্রকৃত কারণ হলো রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশগ্রহণ করা তাদের পক্ষে কঠিন।"
বগুড়া-১ থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ আব্দুল মান্নান রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, "রাষ্ট্রপতি তার ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার করেছিলেন।"
ঢাকা-১৫ থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে অগণতান্ত্রিকভাবে আটক করা হয়েছিল। তাকে আটক করা হয় এই রাষ্ট্রপতির স্বাক্ষরিত আদেশবলে।"
অধিবেশন আগামী মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মূলতবী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/২৩২৪ঘ.
bdnews24