ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন বিন্যাস প্রশ্নে স্পিকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সংসদে ফিরে যাচ্ছেন না বিএনপিসহ তার জোটের শরিক দলের সাংসদরা।
রোববার বিকালে বিএনপি'র সংসদীয় দলের এক বৈঠক শেষে বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আমরা ২৮ তারিখে ওয়াক আউট করেছিলাম। সংসদের রীতি বহির্ভুতভাবে স্পিকার আসন পুনর্বিন্যাস করেছেন। বিষয়টি স্পিকারকেও আমরা অবহিত করেছি। তিনি জানিয়েছিলেন আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। এখনো তার কোন সিদ্ধান্ত না পাওয়ায় আমরা আপাতত সংসদে যোগদান থেকে বিরত আছি।"
"আমরা সংসদে যেতে আগ্রহী। সংসদে গিয়ে এই সরকারকে সহযোগিতা করতে চাই," বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "সংসদে যোগদান থেকে বিরত থাকলেও আমরা নিয়মিত নোটিস দিচ্ছি। সংসদ ভবনেও আসছি। কিন্তু অধিবেশন কক্ষে আমাদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।"
দলের অপর জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ার সংসদীয় রীতির কথা উল্ল্যেখ করে বলেন, "স্পিকারের বাম দিকে বিরোধী দল এবং ডান দিকে সরকারি দলের জন্য আসন নির্ধারিত থাকে। অষ্টম সংসদে বিরোধী দলীয় বেঞ্চে প্রথম সারির ১০টি আসনই তাদের (আওয়ামী লীগ) দেয়া হয়েছিল। ওই সময় আওয়ামী লীগের আসন ছিল ৫৮টি। সেই হিসেবে সংখ্যানুপাতে তাদের বিবেচনা করা হয়নি।"
নবম সংসদে স্পিকার যেভাবে আসন পুনর্বিন্যাস করেছেন তা সংসদীয় রীতির 'পরিপন্থী' বলেও মন্তব্য করেন তিনি।
এম কে আনোয়ার আরও বলেন, "স্পিকার চাইলে আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি। তবে এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে- স্পিকারের সিদ্ধান্ত জানার পরই আমরা ঠিক করবো সংসদে যাব কি-না ।"
তিনি অভিযোগ করেন, তত্ত্ববধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশ সংসদে উত্থাপন বিষয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে বিএনপি থেকে দুই জনের নাম দেয়া হয়েছিল। বিএনপি'র প্রস্তাবের বাইরে একজনের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যা সংসদে 'অঘটন' বলে আমরা মনে করি।
এই ধরনের কার্যক্রম সংসদকে অকার্যকর করারই লক্ষণ বলেও মন্তব্য করেন এম কে আনোয়ার।
বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুক জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের যে সভাপতিমণ্ডলী রয়েছে, তাতে বিএনপি'র কোন সদস্যের নাম নেই, যা অতীতে কখনোই হয়নি।
সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার সম্মেলন কক্ষে বিএনপি'র সংসদীয় দলের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম চোধুরী, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রোমানা মাহমুদসহ জায়ামাতে ইসলামীর এমামুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ।
এক ঘণ্টাব্যপী এই বৈঠকে সংসদ অধিবেশনে যোগদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে বিএনপিকে সংসদে ফিরিয়ে আনার ব্যাাপারে স্পিকার আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, "বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার জন্য আমার চেষ্টা অব্যাহত আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এইচএ/২০২৩ ঘ.
bdnews24