২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নীল-সাদায় ভাগাভাগি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম ধারা সমর্থিত নীল-গোলাপী দলের সম্মিলিত প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ৮টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদকসহ ৭ টি পদে জয়ী হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম ধারা সমর্থিত নীল-গোলাপী দলের সম্মিলিত প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ৮টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদকসহ ৭ টি পদে জয়ী হয়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ হয়। রাত আটটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পান নীল দলের সদস্য প্রার্থী অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। নীল ও গোলাপী দলের সভাপতি প্রার্থী শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম পান ৫৩৮ ভোট। সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক শহীদ আকতার হুসাইন ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহীন কাদরী পান ৫২২ ভোট। কোষাধ্যক্ষ পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্বাস আলী খান পান ৪৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল ও গোলাপী দলের প্রার্থী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ অহিদুজ্জামান চান পেয়েছেন ৫০৪ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল ও গোলাপী দলের প্রার্থী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুস ছামাদ পান ৪৭৯ ভোট। সদস্য পদে নীল ও গোলাপী দলের বিজয়ী শিক্ষকবৃন্দ হলেন- অধ্যাপক ড. আখতারুজ্জামান (প্রথম, প্রাপ্ত ভোট-৬৭৭), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৩য়, প্রাপ্ত ভোট-৬৪৬), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম (৫ম, প্রাপ্ত ভোট- ৫৪৪), ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুবিনা খোন্দকার (৭ম, প্রাপ্ত ভোট-৫৬৩) এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান (১০ম, প্রাপ্ত ভোট-৫৪৪)। সদস্য পদে সাদা দল থেকে বিজয়ী শিক্ষকবৃন্দ হলেন- সাদা দলের আহবায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন (২য়, প্রাপ্ত ভোট-৬৫৮), অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ (৪র্থ, প্রাপ্ত ভোট-৬১৭), পরিসংখ্যানের সহযোগী অধ্যাপক মোঃ লুৎফর রহমান (৬ষ্ঠ, প্রাপ্ত ভোট-৫৬৮), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম (৮ম, প্রাপ্ত ভোট-৫৫৫) এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ (৯ম, প্রাপ্ত ভোট-৫৫১)। নীল ও গোলাপী দলের সম্মিলিত প্যানেলে বিজয়ী প্রার্থীদের মধ্যে গোলাপী দলের ৩ জন ও নীল দলের ৫ জন। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ ডিসেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১৯ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ২১ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩টি রুমে ৩৬ টি বুথে ১১৩৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৪৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১০ ঘ.