ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স্থবিরতা কাটিয়ে উঠতে তার সরকারকে বেগ পেতে হচ্ছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষ পূর্তিতে তার নেতৃত্বাধীন মহাজোট সরকারের পক্ষ থেকে জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "জনগণের বিশ্বাসের মর্যাদা আমরা রক্ষা করবোই। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলা হবে। কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দিন বদলের প্রতিশ্র"তি বাস্তবায়নে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ।"
মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর ওপর শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বুড়িগঙ্গা সেতু) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০ টি আসনের ২৬২ আসনে জয়লাভ করে সরকার গঠন করে।
তিনি বলেন, চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের দুর্নীতি ও লুটপাট এবং তত্ত্বাবধায়ক সরকারের দু'বছরের ভয়-ভীতি ও আতংকে দেশে একটা স্থবির অবস্থার সৃষ্টি করেছিলো। এই অবস্থা কাটিয়ে উঠতে সরকারকে বেশ বেগ পেতে হচ্ছে।
এক বছরে তার সরকারের সাফল্য দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে, বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।"
চারদলীয় জোট সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, চারদলীয় জোট সরকার তাদের দুর্নীতি ও লুটপাট টিকিয়ে রাখতে নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিলো। তারা ভুয়া ভোটার তৈরি করেছিলো। দলীয় লোক দিয়েই তারা তত্ত্বাবধায়ক সরকার করেছিলো। সেজন্যই ১/১১ হয়েছিলো।
জরুরি অবস্থা জারি করে প্রতিষ্ঠিত সেনা কর্তৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে হাসিনা বলেন, ১/১১ হওয়ার পর রাজনীতিকেই সম্পূর্ণভাবে বিদায় জানানোর চেষ্টা করা হয়েছিলো। দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন দেশের চাপ ও দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।
নতুন শহীদ বুদ্ধিজীবী সেতুটি রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে শুরু হয়ে কেরাণীগঞ্জের ওয়াসপুরে গিয়ে শেষ হয়েছে। সেতুর দৈর্ঘ্য সাত'শ আট মিটার এবং প্রস্থ দশ মিটার।
এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জেলা-উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের জন্য তার সরকারের কর্মসূচি তুলে ধরেন।
তিনি বলেন, সড়কখাতে বিনিয়োগের জন্য অগ্রাধিকারভিত্তিতে তালিকা প্রণয়ন করে কুড়ি বছর মেয়াদী 'রোড মাস্টার প্ল্যান' অনুমোদন করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৩২১ঘ.
bdnews24