২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খসরুই চট্টগ্রাম মহানগর বিএনপি'র প্রধান

সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকেই বহুল আলোচিত বিএনপি মহানগর কমিটির সভাপতি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকেই বহুল আলোচিত বিএনপি মহানগর কমিটির সভাপতি করা হয়েছে। গত ১৬ নভেম্বর মহানগর কমিটি গঠনের জন্য আয়োজিত কাউন্সিল পণ্ড হয়ে যাওয়ার পর কমিটির নেতৃত্বে কে আসছেন তা নিয়ে জল্পনা চলছিল। মহানগর কমিটির অনুমোদনের পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা কমিটিও কেন্দ্র থেকে গঠন করা হয়েছে। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগরে আমীর খসরুকে সভাপতি ও ডা. শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক এবং উত্তর জেলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে সভাপতি ও আসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।" পরবর্তীতে তারাই পূর্ণাঙ্গ কমিটি করবেন জানিয়ে তিনি বলেন, "এ সংক্রান্ত চিঠি মহাসচিবের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।" সভাপতি মনোনীত হওয়ার বিষয়টি জানলেও এখনো চিঠি হাতে পাননি আমীর খসরু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের নিয়ে দ্রুত মহানগর কমিটি পূর্ণাঙ্গ করা হবে।" সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব শিগগিরই দলের অন্য নেতাদের সঙ্গে আলাপ করে আমরা উত্তর জেলা কমিটি পূর্ণাঙ্গ করব।" এ দুটি কমিটি গঠনের মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিসহ তিনটি পৃথক পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পেলেন স্থানীয় নেতারা। এর আগে কেন্দ্রীয় নেতৃত্ব সাবেক প্রতিমন্ত্রী মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেন। গত ১৬ নভেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দু'দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে যায়। ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে তৎকালীন মহানগর বিএনপি'র সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পরাজয়ের পর কমিটি ভেঙ্গে দিয়ে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমকে আহ্বায়ক করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় সিদ্ধান্তে ওই কমিটি ভেঙ্গে আমীর খসরুকে আহ্বায়ক করে পুনরায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি প্রায় ২০ বছর পর মহানগর বিএনপি'র সম্মেলনের আয়োজন করেছিল। অপরদিকে উত্তর জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি থাকলেও জুন মাসে কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দুই দফা তারিখ দেওয়ার পরও উত্তর জেলা বিএনপি তাদের সম্মেলন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এফএফ/জিএনএ/১৬৩৫ ঘ.