ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় স্বার্থরক্ষায় জনগণের আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
কাউন্সিলে নির্বাচিত হওয়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানাতে আরো একটি মিছিলের উদ্বোধন করে শনিবার এ কথা বলেন খোন্দকার দেলোয়ার।
শনিবার বিকালে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই আনন্দমিছিলটির আয়োজন করা হয়। এর আগে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্নস্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তারেককে অভিনন্দন জানিয়ে বেশ কয়েকটি মিছিল বের করে।
খোন্দকার দেলোয়ার মিছিল উদ্বোধন করার আগে এক সমাবেশে বলেন, "দেশবাসীর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দিত। তাদের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। এই নেতৃত্ব জনগণের আশা-আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে।''
বিএনপি মহাসচিব বলেন,"খালেদা জিয়া ও তারেকের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে। তারা জিয়ার আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়ন এবং বর্তমান সঙ্কট থেকে উত্তরণের পথে সঠিকভাবে অনুসরণীয় নেতৃত্ব দেবেন বলে আমরা মনে করি।''
অঙ্গসংগঠনগুলো ইতিমধ্যে আনন্দ মিছিল করলেও শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচির কারণেই বিএনপি তা দেরিতে করলো বলে জানান দেলোয়ার।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল পাঁচটার দিকে বের হওয়া মিছিলটি শান্তিনগর, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।
মিছিলকারীরা নানা রঙের ব্যানার-ফেস্টুনের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি, বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ, দলীয়, জাতীয় ও উৎসব পতাকা বহন করে। মিছিলের তালে তালে ব্যান্ড সঙ্গীত দল দেশাত্মবোধ ও লোক সঙ্গীত পরিবেশন করে।
আনন্দ মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, নাজিমউদ্দিন আলম, ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, সেলিম রেজা হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, আবদুস সালামসহ সাংসদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২২ঘ.
bdnews24