ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের ৩৮তম বাষির্কীতে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "লাখো মানুষের আত্মত্যাগের বিনিময় এই বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। স্বাধীনতার চেতনা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি।
"একটি সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি- এটা হোক আজকের শপথ।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার কবরে ফুল দেয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতও করেন খালেদাসহ নেতা-কর্মীরা।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "এ দেশের মানুষের মন থেকে জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। তার নাম মুছে ফেলার জন্য অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে- তবে তাতে কোনো লাভ হবে না।"
বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায়
কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তিনদিনে বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24