ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসকে সামনে রেখে ব্যাপক কর্মসূচী নিয়েছে আওয়ামী লীগ।
এ কর্মসূচী সফল করতে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে রোববার বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে সাতটায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল আটটা দশ মিনিটে মিরপুরে শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে আটটায় রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, সকাল নয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এই দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধিদল আগামী ১৫ ডিসেম্বর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিজয় দিবসের দিন সকাল সাড়ে সাতটায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটা ৩৫ মিনিটে সাভার স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ, সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল তিনটায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।
বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের বাইরের চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং এর অন্তর্গত সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার সাংসদরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩২২ঘ.
bdnews24