২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি দুই-একদিনের মধ্যেই: সাকা চৌধুরী

দুই-একদিনের মধ্যেই খালেদা জিয়া বিএনপির আংশিক কমিটি ঘোষণা দেবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই-একদিনের মধ্যেই খালেদা জিয়া বিএনপির আংশিক কমিটি ঘোষণা দেবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কমিটিতে গত দুই বছরের ত্যাগী ও পরীক্ষিত নেতারা প্রাধান্য পাবেন বলেও এ সাংসদ জানান। সালাউদ্দিন কাদের চৌধুরী শুক্রবার তার ধানমণ্ডির বাড়িতে সাংবাদিকদের বলেন, "দুই-একদিনের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ পদসহ একটি কমিটি নেত্রী (খালেদা) ঘোষণা করবেন। গত দুই বছর যে সব নেতা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করার বিষয়টি নেত্রী প্রাধান্য দিচ্ছেন। আর যারা ওই সময়ে আত্মসমর্পণ করেছেন, তাদের একটু অপেক্ষা করতে হবে।" গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলে নতুন কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়। তিনি দলের শীর্ষপদে পুনর্নির্বাচিত হন। খালেদার বড় ছেলে তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে কাউন্সিলররা। তারেক রহমানকে পদ দিয়ে বিএনপি 'দুর্নীতি'কে উৎসাহিত করেছেন- প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এ বক্তব্য নাকচ করে সালাউদ্দিন কাদের বলেন, "এটা ঠিক নয়। আমি মনে করি, এটা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নয়, মইন উ আহমেদের বক্তব্য। "ওই মইন উ'রাই দুর্নীতির অভিযোগে প্যারোলে মুক্ত একজন প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। অভিযোগ তো যে কারো বিরুদ্ধে থাকতে পারে।" বিএনপির কাউন্সিলের পর আওয়ামী লীগ নেতা হানিফ বলেছিলেন, তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করে বিএনপি দুর্নীতিকে উস্কে দিয়েছে। তারেকের বিষয়ে সালাউদ্দিন কাদের বলেন, "তারেক রহমান শহীদ জিয়ার সন্তান। এই কাউন্সিলে মাধ্যমে তিনি এখন বিএনপির সম্পদে পরিণত হয়েছেন। "তারেকের এ পদে নির্বাচিত হওয়ার বিষয়টিকে নিয়ে কথিত 'ইভিল সোসাইটি' ধূম্রজাল সৃষ্টি করছেন। তাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।" সালাউদ্দিন কাদের জানান, নতুন কমিটি ঘোষণার পর তৃণমূল পর্যায়ে যে সব কমিটির নির্বাচন হয়নি, তা করার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কমিটি গঠন ভোটাভুটির মাধ্যমে করার পক্ষেও মত দেন তিনি। 'সংস্কারপন্থীদের' বিষয়ে দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সালাউদ্দিন কাদের বলেন, "কাউন্সিলে তৃণমূল নেতারা সংস্কারপন্থীদের বিষয়ে তাদের মত নেত্রীকে বলেছেন। আমি মনে করি, নেত্রী তাদের মনোভাব বুঝতে পেরেছেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন।" নতুন কমিটি ঘোষণায় দেরির বিষয়ে তিনি বলেন, বিএনপির মতো বড় দলের একটি পূর্ণাঙ্গ কমিটি করতে কিছু সময় লাগবে। দ্রুত হলে ভুল সিদ্ধান্তও হতে পারে। একটু সময় নিয়ে চেয়ারপারসন তা করছেন- এটা ইতিবাচক দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২৪ ঘ.