ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের 'সাফল্য' অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভার পর সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রেস সচিব বলেন, "মন্ত্রীপরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তাতে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য অন্তর্ভুক্ত করে পরবর্তীতে চুড়ান্ত করা হবে।...গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।"
রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদনের জন্যই বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২০৪৬ঘ.
bdnews24