২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির যুগপূর্তিতে নানা কর্মসূচি

পার্বত্য শান্তিচুক্তির এক যুগ পূর্ণ হচ্ছে বুধবার। এ উপলক্ষে তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তির এক যুগ পূর্ণ হচ্ছে বুধবার। এ উপলক্ষে তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষে দলীয় প্রধান সন্তু লারমা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। তার ধারাবাহিকতায় ওই বছরের ১০ ডিসেম্বর খাগড়াছড়ি স্টেডিয়ামে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শান্তি বাহিনীর প্রায় দুই হাজার গেরিলা আত্মসর্মপণ করে। চুক্তি স্বাক্ষরের পর প্রতি বছরই ২ ডিসেম্বর তিন পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিন পার্বত্য জেলার প্রতিনিধিদের পাঠানো খবর: রাঙামাটি: শান্তি চুক্তির যুগপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন ও জনসংহতি সমিতির পক্ষ থেকে পৃথক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে ইউপিডিএফ কোনো কর্মসূচি ঘোষণা করেনি। পার্বত্য সমঅধিকার আন্দোলন আলোচনা সভা করবে। জনসংহতি সমিতি কেন্দ্রীয়ভাবে রাঙামাটির জিমনেসিয়াম প্রাঙ্গণে সভা করবে। সন্তু লারমার সভাপতিত্বে এতে আলোচক হিসেবে থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং। বান্দরবান: জনসংহতি সমিতি জেলা শহরে শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "চুক্তি হয়েছে এক যুগ আগে। কিন্তু এখনও চুক্তির অনেক ধারা বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হয়নি।" প্রতিবারের মতো এবারও ২ ডিসেম্বরকে কালো দিবস হিসাবে পালন করার কর্মসূচি ঘোষণা করেছে শান্তি চুক্তির বিরোধিতাকারী পার্বত্য সমঅধিকার আন্দোলন। ইতোমধ্যে তারা চুক্তি বাতিল, সন্তু লারমার বিচার দাবি করে বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। সমঅধিকার আন্দোলনের জেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার জানান, কালো চুক্তি বাতিলের দাবিতে তারা ২ ডিসেম্বর সকালে কালো পতাকা উড়ানো, কালো ব্যাজ ধারণ এবং বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চুক্তি বাতিলের দাবিতে আলোচনা সভা করবে। পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত শান্তি চুক্তির বিরোধিতাকারী পাহাড়িদের আরেকটি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দিবসটিকে 'বেইমান দিবস' হিসেবে পালন করবে বলে জানিয়েছেন জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা। দিবসটি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট (টিসিআই) মিলনায়তনে বুধবার সকাল ১১টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি: পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং জনসংহতি সমিতি আলাদাভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। প্রথম বারের মতো খাগড়াছড়িতে সরকারিভাবে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী (মারমা) জানান, বুধবার সকাল ৯টায় খাগড়াছড়ি হাইস্কুল মাঠে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য চট্টগ্রাম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা। এরপর হবে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউপিডিএফ প্রতি বছর এ দিবসটিকে 'কালো দিবস' হিসেবে পালন করলেও এ বছর তারা আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ চুক্তি বাতিলের দাবিতে সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৩৭ ঘ.