চাঁদপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমাকে আর স্বৈরাচার বলবেন না। অবহেলা ও কটাক্ষ করবেন না।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, "আমি কখনো স্বৈরাচার ছিলাম না এবং স্বৈরাচারী কাজ করিনি। উন্নয়ন যা হয়েছে জাতীয় পার্টিই করেছে। আমার কারণেই মহাজোট ক্ষমতায় এসেছে। তাই আমরা উন্নয়ন কাজের ভাগ চাই।"
জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান প্রমুখ।
চাঁদপুর শহরে আসার পথে এরশাদ জেলার কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় পথসভা করেন।
এসব পথসভায় তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24