২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আরিফ কারাগারে

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে ঢাকার মহানগর হাকিম এমএ সালামের আদালতে আরিফকে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আর কোন আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আরিফের পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ জামিনের বিরোধিতা করে আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আরিফের কাছ থেকে এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রয়োজনে তাকে পরে আবারো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আরিফের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ শুনানিতে বলেন, এ মামলা সম্পর্কে আরিফের কাছ থেকে নতুন কোন তথ্য পাওয়া যায়নি। সুতরাং তাকে জামিন দিতে কোন অসুবিধা নেই। জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিপিবি'র সমাবেশে বোমা হামলা এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় আরিফ জামিনে রয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর মালিবাগের নিজ বাসা থেকে আরিফকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা আটক করে। সিপিবি'র সমাবেশে বোমা হামলা ও নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। নারকীয় ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা কানে আঘাত পান। আহত হন শতাধিক নেতা-কর্মী। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এ মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএইচ/২৩১৮ ঘ.