২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন্দলে কক্সবাজার বিএনপির সম্মেলন নিয়ে সংশয়

উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন নিয়ে কক্সবাজার জেলা বিএনপি'র দুই গ্র"পের কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। এ কারণে আগামীকালের সম্মেলন সফল হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন নিয়ে কক্সবাজার জেলা বিএনপি'র দুই গ্র"পের কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। এ কারণে আগামীকালের সম্মেলন সফল হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দলের একাংশ সম্মেলন ও কাউন্সিলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যপক্ষ বলেছে, সম্মেলনে কে এল, কে এল না তাতে কিছু যায় আসে না। যথা সময়ে সম্মেলন হবে। তারা সবাইকে নিয়ে সম্মেলন করতে পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন বলেও জানান। দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক ও কক্সবাজার-৩ (সদর) আসনের সাংসদ লুৎফুর রহমান বলেন, তিনি ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সাংসদ আলমগীর ফরিদ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল থেকে 'বিরত' থাকবেন। তিনি বলেন, "দলের বৃহত্তর স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।" লুৎফুর অভিযোগ করেন, শুক্রবার সম্মেলন হবে। অথচ দুদিন আগে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত তাদের কাছে কাউন্সিলারদের কোনো তালিকা পৌঁছায়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী লুৎফুর বলেন, "একটি দুষ্টচক্র জেলা বিএনপিতে দুর্বল নেতৃত্ব আনার জন্য এই চক্রান্ত শুরু করেছে।" তিনি বলেন, "আমরা সম্মেলন পণ্ডও করবো না, সন্ত্রাসও করবো না। আমরা শুধু বিরত থাকবো। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভিযোগ জানাবো।" সংবাদ সম্মেলনে আলমগীর ও লুৎফুর ছাড়াও কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, রামু উপজেলা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। সবার সঙ্গে সমন্বয় করে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি করা হয়েছে।" তিনি বলেন, কেউ সহযোগিতা না করলে তার কিছুই করার নেই। শাহজাহান জানান, বর্তমান আহবায়ক কমিটি দায়িত্ব নিয়েছে গত ৯ জুন। এরপর ২৮ অক্টোবর উখিয়া উপজেলা সম্মেলন দিয়ে জেলা বিএনপি উপজেলা পর্যায়ে সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। তারই ধারাবাহিকতায় আটটি উপজেলা, চারটি পৌরসভা ও দু'টি সাংগঠনিক উপজেলার সম্মেলন শেষ হয়েছে। তারও আগে তৃণমূল পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়। এই সময়ে ৭১টি ইউনিয়ন ও দু'টি সাংগঠনিক ইউনিয়ন এবং ৭৩০টি ওয়ার্ড কমিটির সম্মেলন ও কাউন্সিল করা হয়েছে। সাংসদ লুৎফুর দাবি করেন, জেলার তৃণমূল ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও 'পকেট কমিটি' করা হয়েছে। মহেশখালীতে পাল্টাপাল্টি দু'টি কমিটি ও কুতুবদিয়ায় রাতের আঁধারে সম্মেলন করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "আমি এক নম্বর যুগ্ন আহবায়ক হলেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনে আমার কোন মতামত নেওয়া হয়নি।" তিনি দাবি করেন, বর্তমান আহবায়ক শাহজাহান চৌধুরী নিজে সভাপতি পদ আঁকড়ে রাখার জন্য সব কিছু করছেন। আলমগীর বলেন, "আদৌ ২০ নভেম্বর সম্মেলন হবে কিনা বুঝতে পারছি না। সম্মেলন প্রস্তুতির কোন কিছুই এ পর্যন্ত দেখছি না।" তবে সম্মেলন নিয়ে সংশয় উড়িয়ে দিয়েছেন আহ্বায়ক শাহজাহান। তিনি বলেন, "যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে সম্মেলন বানচাল করতে চায় তখন কাউন্সিলাররাই ব্যবস্থা নেবে। আমি সম্মেলন অনুষ্ঠানে সম্পূর্ণ প্রস্তুত।" সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাহজান বলেন, "আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। তবে আজ রাত ও কাল দিনের মধ্যে আশা করি সব ঠিক হয়ে যাবে।" সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ টি এম নুরুল বশর চৌধুরী, জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.