ফরিদপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই অংশের মারামারির মধ্য দিয়ে সোমবার বিকালে ফরিদপুর জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে।
সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি মো. সেলিম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের অম্বিকা মেমোরিয়্যাল হলে এ কাউন্সিল অধিবেশন হচ্ছিল।
নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক শাহ মো. আবু জাফর বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের সিদ্ধান্ত হয়।
ভাঙ্গা'র ভোট গ্রহণ শুরুর পর জাল ভোট দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি মো. সেলিম মিয়া ওই উপজেলার এক কাউন্সিলরকে মারধর করলে হইচই শুরু হয়। পরে অম্বিকা হলের বাইরে কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাউন্সিলরকে মারধরকারী ছাত্রদল নেতা সেলিম নিজেও গুরুতর আহত হন।
সভাপতি পদপ্রার্থী কেন্দ্রীয় যুবদল সদস্য মাহবুবুল হাসান সাংবাদিকদের বলেন, "একজন প্রার্থীর পক্ষে জালভোট দিতে বাধা দেওয়ায় ভোট গ্রহণ পর্ব পণ্ড হয়ে যায়।"
ফরিদপুর কোতয়ালী থানার ওসি নূরে আলম বলেন," হলের ভেতরে হঠাৎ করে হট্টগোল শুরু হয়। পরে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।"
আহত ছাত্রদল নেতা সেলিম মিয়াকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একই দিন দেশের আরেক প্রান্তে দীর্ঘ বিশ বছর পর আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন উপদলীয় বিরোধের জেরে বানচাল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২৮ঘ.
bdnews24