চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার গহিরার বাড়িতে সন্ত্রাসী হামলার জন্য স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে দায়ী করেছেন।
বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক গিয়াস কাদের সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "স্থানীয় সাংসদের লেলিয়ে দেওয়া গুণ্ডাবাহিনী আমার গহিরার বাসায় হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং বাড়ির দারোয়ানদের মাধ্যমে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।"
রোববার বিকালে একদল সন্ত্রাসী সাবেক সাংসদ ও উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক গিয়াস কাদের চৌধুরীর বাড়ির গেট ভাঙচুর এবং দুই দারোয়ানকে মারধর করে। ছাত্রলীগের কর্মীরা ওই হামলা চালায় বলে ওইদিন রাতে তিনি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন।
গিয়াস কাদের আওয়ামী লীগ সাংসদ ফজলে করিম চৌধুরীর আপন চাচাতো ভাই। রাউজানের গহিরায় উভয়ের বাড়ি পাশাপাশি।
লিখিত বক্তব্যে গিয়াস কাদের আরো বলেন, রাউজান বিএনপি'র সম্মেলন করতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হামলাকারীরা হুমকি দিয়ে যায়।
স্থানীয় পুলিশ সন্ত্রাসীদের সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি।
গিয়াস কাদের সোমবার দুপুরে বাদি হয়ে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ম্যাজিস্ট্রেট অভিযোগটি আমলে নিয়ে তা মামলা আকারে গ্রহণের জন্য রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩২৩ঘ.
bdnews24