২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত

সম্মেলন বিষয়ে কেন্দ্রের নির্দেশনা 'অস্পষ্ট' উল্লেখ করে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভায় বিএনপির সম্মেলন স্থগিত করেছে দলের জেলা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

পঞ্চগড়, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মেলন বিষয়ে কেন্দ্রের নির্দেশনা 'অস্পষ্ট' উল্লেখ করে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভায় বিএনপির সম্মেলন স্থগিত করেছে দলের জেলা কমিটি। জেলা বিএনপির এক জরুরি সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। তারা জানান, পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারি, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলা এবং সদর ও বোদা পৌরসভার সম্মেলন স্থগিত করা হয়েছে। এর মধ্যে শুক্রবার সম্মেলন হওয়ার কথা ছিল বোদা উপজেলায়। এছাড়া ১৩ নভেম্বর বোদা পৌরসভা, ৯ নভেম্বর আটোয়ারি, ১০ নভেম্বর তেঁতুলিয়া, ১২ নভেম্বর দেবীগঞ্জ উপজেলা এবং ১৫ নভেম্বর সদর উপজেলা ও ১৪ নভেম্বর সদর পৌরসভার সম্মেলন হওয়ার কথা ছিল। জেলা আহবায়ক মো. মোজাহার হোসেন বলেন, বুধবার তার কাছে কেন্দ্রের পাঠানো এক চিঠিতে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিগুলোতে নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর পাঠানো নির্দেশনায় বোদা উপজেলা আহবায়ক কমিটিতে ১৯ জন ও পৌর কমিটিতে ১০ জন এবং দেবীগঞ্জ উপজেলা কমিটিতে ২৩ জনকে অন্তর্ভুক্ত করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ডাকা জেলা বিএনপির জরুরি সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির নির্দেশনাকে 'অস্পষ্ট' উল্লেখ করে এটি জটিলতার সৃষ্টি করবে বলে অভিমত দেন স্থানীয়রা নেতারা। এজন্য কেন্দ্রের নতুন নির্দেশনার জন্য সব সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। মোজাহার বলেন, গঠনতন্ত্রে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠনের কথা বলা হয়েছে। কিন্তু সদস্য কমানো বা বাড়ানোর বিষয়ে কিছু বলা নেই। তবে এ ব্যাপারে জেলার যুগ্ম আহবায়ক ও বোদা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, নতুন লোকজনকে আহবায়ক কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করার কেন্দ্রের সিদ্ধান্তটি সঠিক ও সময়োপযোগী। তিনি দাবি করেন, বোদা উপজেলা সম্মেলন বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা বয়কট করতে পারেন এমন আভাস পেয়ে ওই সিদ্ধান্ত নেয় জেলা কমিটি। আব্দুল আজিজ বলেন, বুধবার সন্ধ্যায় বোদা উপজেলা বিএনপির একটি অংশের সমর্থক ছাত্রদল নেতা-কর্মীরা শহীদ মিনারে আলোচনা সভা এবং বোদা বাসস্ট্যান্ডে জেলা আহবায়ক মো. মোজাহার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৪ ঘ.