২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন করা উচিত: প্রধানমন্ত্রী

পঁচাত্তরের পর সংবিধানের সংশোধনীগুলো 'অসাংবিধানিকভাবে' আনা হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংবিধানে অনেক কিছু আছে, যা সংশোধন করে জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের পর সংবিধানের সংশোধনীগুলো 'অসাংবিধানিকভাবে' আনা হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংবিধানে অনেক কিছু আছে, যা সংশোধন করে জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করি। বুধবার সংবিধান দিবসে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা সরকারগুলো তাদের ক্ষমতাকে বৈধ করতে সংবিধান ব্যবহার করেছে অভিযোগ করে সংসদ নেতা আরও বলেন, "এই সংবিধানে অনেক কাটা-ছেড়া হয়েছে। ক্ষত-বিক্ষত করা হয়েছে। পঁচাত্তরের পর যারা অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছিলেন, তারা ক্ষমতা বৈধ করতে এই সংবিধান ব্যবহার করেছে। তারা অনেক কিছুু করেছে। সংবিধানের অনেক সংশোধন করা হয়েছে।" অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের শুরুতেই 'সংবিধান দিবস' উপলক্ষে স্পিকার আব্দুল হামিদ বক্তব্য রাখেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ৭৪টি বৈঠক করে ১২ অক্টোবর জাতীয় পরিষদে খসড়াটি উপস্থাপন করেন। এরপর ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর খসড়া সংবিধানের ওপর আলোচনা চলে। ৪ নভেম্বর এ সংবিধান গৃহীত হয়। স্পিকার বলেন, "১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান গৃহীত হয়েছিলো। তাই এই দিনটি সংবিধান দিবস। সেদিনের অনেকেই এখন নেই। হাতেগোনা কয়েকজন এই সংসদে উপস্থিত আছেন।" এই বিষয়টি উপস্থাপনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আপনিসহ যারা সেদিন সংবিধানে দস্তখত করেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাই। যারা নেই, তাদের আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।" '৭২-এর সংবিধানে স্বাক্ষরকারীদের মধ্যে অধিবেশন কক্ষে উপস্থিত সাংসদদের স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়ানোর অনুরোধ করে শেখ হাসিনা বলেন, "আপনারা একটু দাঁড়ান। আপনাদের সবাই দেখতে চায়।" এ সময় আমির হোসেন আমু, আব্দুল লতিফ সিদ্দিকী ও এনামুল হক মোস্তফা শহীদ দাঁড়ান। '৭২-এর সংবিধানে স্বাক্ষরের সময়ে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, ইমাজ উদ্দিন প্রামাণিক, দেওয়ান ফরিদ গাজী ও সুরঞ্জিত সেনগুপ্তও ছিলেন বলে স্পিকার জানালে সংসদ নেতা বলেন, "না। মাননীয় স্পিকার, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন। কিন্তু, উনি স্বাক্ষর করেননি। তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামাণিক ও দেওয়ান ফরিদ গাজী স্বাক্ষর করেছিলেন।" প্রধানমন্ত্রী আরও বলেন, "স্বাধীনতা যুদ্ধের মতো একটা বিপ্লবের পর জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছিলো প্রথম সংবিধানে। পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জেলহত্যার ঘটনা এবং পঁচাত্তরের পর বার বার সংবিধান লঙ্ঘিত না হলে ৩৮ বছরে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম।" মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, "৭২-এর সংবিধানে আমি জেনেশুনে সই করিনি। কারণ, তখন বলা হয়েছিলো, ইচ্ছে করলে একজন সদস্য যে কোনো সময় তাতে সই করতে পারবেন। রাষ্ট্রীয় চার মূলনীতির একটি বিষয়ে আমার আপত্তি ছিলো। "'৭২-এর সংবিধানে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক রাখা হয়েছিলো। তখন আমি প্রস্তাব করেছিলাম, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হোক। আমার প্রস্তাব রাখা হয়নি।" সুরঞ্জিত আরও বলেন, "সেই দিনের দিকে তাকিয়ে আছি। এ বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। আশা করি, আপিল বিভাগ তাড়াতাড়ি রায় দেবে। আমার নামের জায়গাটি খালি আছে। "আমি এতদিন অপেক্ষা করে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছেন। এখন সংবিধানে স্বাক্ষর করতে আমার কোনো অসুবিধা নেই।" এরপর স্পিকার বলেন, "৭২-এর সংসদে আপনিই একমাত্র বিরোধী দলে ছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএআর/এমএইচসি/এসএইচ/১৯৫৮ ঘ.