ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল দীর্ঘদিন পর সোমবার সংসদ অধিবেশনে যোগ দেন।
যুক্তরাজ্যে বিতর্কিত মন্তব্য করে ঝড় তোলা এই সাংসদ মাগরিবের বিরতির পর সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত হন। তিনি সরকারি দলের প্রথম সারিতে বসেন। তবে কোনো বক্তব্য রাখেননি।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী গত সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ ডিসেম্বরের নির্বাচন ও তার দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
৬ অক্টোবর তিনি দেশে ফেরেন। ওই দিনই বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে তাকে বাদ দেওয়া হয়।
এর কয়েক দিন পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জলিলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে একটি মামলা করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এজে/এসএইচ/২২১২ ঘ.
bdnews24