ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই বিএনপির ৭৮টি সাংগঠনিক জেলার নির্বাচিত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানালেও বিরোধপূর্ণ কমিটি সমূহ কবে গঠন করা হবে তা জানাতে পারেন নি।
আগামী ৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির জাতীয় সম্মেলন হবে। তবে এখনো সম্মেলনের স্থান নির্ধারিত হয়নি।
কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের প্রাথমিক কাজ শুরু হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, "আমরা আওয়ামী লীগের মতো 'যেনতোনোভাবে রাজকীয়' সম্মেলন করবো না। বিএনপি সত্যিকার অর্থে একটি সফল জাতীয় সম্মেলন করবে। এ লক্ষ্যে প্রস্তুতির কাজও চলছে।"
ঢাকা মহানগরসহ বিরোধপূর্ণ কমিটিসমূহ কবে গঠন করা হবে জানতে চাইলে গয়েশ্বর বলেন, "এ বিষয়ে দলের নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। আমাদের কাছে যেসব বিরোধপূর্ণ কমিটির সমস্যা সমাধানের দায়িত্ব ছিল, তা আমরা শেষ করেছি।''
তিনি জানান, দলের জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করা হবে।
গয়েশ্বর বলেন, ''আমরা কোনো ব্যক্তির সংস্কার করব না। দলকে সবার কাছে গ্রহণযোগ্য ও সময়োপযোগী করতে গঠনতন্ত্রে যেসব সংশোধনী আনা প্রয়োজন, আমরা কাউন্সিলের মাধ্যমে তা- ই করবো।"
বিএনপি দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ কওে জানিয়ে তিনি আরও বলেন, "এ দলটির সাংগঠনিক শক্তিও আমরা সেভাবে পরিচালিত করতে যা কিছু করা প্রয়োজন, তা-ই করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৫৪৫ ঘ.
.
bdnews24