ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি কমিটি করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্রান্সের সফররত পরিবেশ, টেকসই উন্নয়ন ও পরিকল্পনামন্ত্রী জ্যঁ-লুই বোর্লোর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে তিনি এ আহবান জানান।
জ্যঁ-লুই বোর্লো ফ্রান্সের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "বৈঠকে জ্যঁ-লুই বোর্লো তার দেশের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির একটি বিশেষ শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার হাতে তুলে দেন। বার্তায় ডিসেম্বরে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।"
প্রধানমন্ত্রীও ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে আজাদ বলেন, "এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর বিষয়ে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।"
বৈঠকে কোপেনহেগেন সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আজাদ বলেন, "প্রধানমন্ত্রী ফ্রান্সের মন্ত্রীকে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে ১৫টি কর্মপরিকল্পনা (অ্যাকশন প্লান) হাতে নিয়েছে। এর মধ্যে নদী খননের কাজ শুরু হয়েছে।
"জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরও আন্তর্জাতিক সাহায্য ও সম্মিলিত পদক্ষেপ নেওয়া দরকার বলেও জানান প্রধানমন্ত্রী।"
প্রেস সচিব আরও জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ফ্রান্সের মন্ত্রী স্বাগত জানিয়েছেন।
এ সময় বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কসুরে উপস্থিত ছিলেন।
জ্যঁ-লুই বোর্লো বৃহস্পতিবার সকালে একদিনের সফরে ঢাকায় পৌঁছান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তিনি মধ্যাহ্নভোজ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে কাজাখস্তানের রাষ্ট্রদূত বাখিতবেক শাবারদায়েভ সৌজন্য সাক্ষাৎ করেন বলেও জানান তার প্রেস সচিব আজাদ।
তিনি বলেন, "সাক্ষাতে কাজাখস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশে কনস্যুলেট অফিস খোলার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এ জন্য তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
"রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়কে গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেও তিনি উল্লেখ করেন।"
কাজাখ রাষ্ট্রদূতের সঙ্গেও প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন বলে জানান প্রেস সচিব।
তিনি বলেন, "এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দুই কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে একশ' মিলিয়ন ডলারের অ্যাকশন প্লান হাতে নিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এফএফ/এজে/এসএইচ/১৬৫০ ঘ.
bdnews24