গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলা কমিটি গঠন নিয়ে শনিবার সকালে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় গোলযোগের আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
পুলিশ বিএনপির কর্মীদের কাছ থেকে লাঠিসোটা কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, বিএনপি'র জেলা কার্যালয়ে শনিবার সকাল ১১টায় গাজীপুর সদর উপজেলা ও পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠনের জন্য সভা নির্ধারিত ছিল। সকাল ৯টা থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।
সকাল সোয়া ১০টার দিকে দলের নেতা মো. নাজিম উদ্দিনের সমর্থনে কিছু নেতা-কর্মী রাজবাড়ি সড়কে লাঠি হাতে নিয়ে মিছিলসহ বিএনপি'র কার্যালয়ের দিকে আসার চেষ্টা করে।
ওই সময় বিপরীত দিকে অবস্থান নেওয়া অপর নেতা সোহরাব উদ্দিনের অনুসারীরা তাদের ধাওয়া করে। এতে সাধারণ নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক ওদিক ছুটাছুটি শুরু করে এবং আশপাশের মার্কেট ও দোকানে আশ্রয় নেয়।
এ সময় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর বেলা ১১টা ৫৫ মিনিটে জেলা কমিটির সভায় শুরু হয়।
সভায় নাজিম উদ্দিনকে সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করার হলেও কমিটি গঠন প্রক্রিয়া মুলতবি রাখা হয়।
তিনি জানান, রোববার বিকেল ৫টায় জেলা বিএনপি'র আহ্বায়কের ঢাকার বাসায় সভা করে আরও চারজন য্গ্মু আহ্বায়ক ঠিক করার পর কমিটি ঘোষণা করা হবে।
ওই যুগ্ম আহ্বায়ক জানান, একই স্থানে দুপুর ২টায় পৌর কমিটি গঠন নিয়ে আরেকটি সভা হয়। তবে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়নি। জেলা কমিটির যুগ্ম-আহ্বায়কদের দু'দিনের মধ্যে পৌর কমিটি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
দুটি সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আ স ম হান্নান শাহ, যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, হাসানউদ্দিন সরকার, এ কে এম ফজলুল হক মিলন, এস এম রুহুল আমিন, আনোয়ারা বেগম ও সাইদুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24