২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাহরীর'র কর্মী সন্দেহে মেহেরপুরে ছয়জন আটক

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে শনিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী সংগঠন হিজবুত তাহরীর এর কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

মেহেরপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে শনিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী সংগঠন হিজবুত তাহরীর এর কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- ফরিদুপুরের আলফাডাঙা উপজেলার আলী আহমদের ছেলে ঢাকা কমার্স কলেজের প্রভাষক রেজাউল আহমেদ, সিলেটের সাইদুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান চন্দন, জামালপুরের হাড়িয়াবাড়ি এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে নূর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, বাগেরহাটের রামপাল উপজেলার আলোকদিয়া এলাকার সত্য সুন্দর সরকারের ছেলে মধুসুদুন সরকার, মাগুরার শ্রীপুর উপজেলার টুপীপাড়া গ্রামের শফিউল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শপেরচড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম মিন্টু। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও নূর মোহাম্মদ হেদায়েতুল্লাহ ঢাকায় ব্রিটিশ দূতাবাসে চাকরি করেন বলে দাবি করেছেন। মাহফুজুল ইসলাম ও শাহ আলম মিন্টু নিজেদের ব্যবসায়ী বলে পুলিশের কাছে পরিচয় দেন। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "তদন্তে আটককৃতরা নিষিদ্ধ সংগঠনের কর্মী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।" আমঝুপি হাইস্কুলের প্রধান শিক্ষক মামুন ইসলাম মুকুল জানান, আটক হওয়া এই ছয়জন শুক্রবার সকালে আমঝুপি গ্রামে ধর্মীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন। ওই সময় তারা বলেন পৃথিবীতে শেষ নবী এখনও আসেনি। তাদের ওপর আল্লাহর ওহি নাজিল হলে তারাও নবী হতে পারেন। বর্তমান প্রচলিত ইসলাম কোনো ইসলাম না। এতে গ্রামের লোকজন ক্ষুদ্ধ হয়ে তাদের গ্রাম ছাড়তে বলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, ওই সময় তারা (আটককৃতরা) নিজেদেরকে হিজবুত তাহরীর সংগঠনের কর্মী বলে দাবি করেন। গ্রামবাসীরা জানান, যুবকরা গ্রামের সাইফুল আযম খোকনের বাড়িতে আশ্রয় নেন। আটক মুস্তাফিজুর রহমান চন্দন খোকনের বড় ভাইয়ের ছেলে। এক সময় চন্দন আমঝুপি গ্রামে থাকতেন। ধর্ম নিয়ে তাদের বক্তব্যে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে শনিবার পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ও র‌্যাব সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকরা বলেছেন, তারা বাংলাদেশ বিশ্বশান্তি আহবান সমিতি নামে একটি নতুন সংগঠনের সদস্য। তবে তাদের কেন্দ্রীয় কার্যালয় কোথায়, দলের প্রধান কে, দলের মোট সদস্য সংখ্যা কত, দলের উদ্দেশ্য কি এবং আঞ্চলিক নেতা কে এ ব্যাপারে তারা কোনো তথ্য দিতে পারেনি। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ তাদের ঠিকানা অনুযায়ী নিজ নিজ থানার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০৮ ঘ.