ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমা চাওয়ায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতের রায় লঙ্ঘন করার অভিযোগ এনে খোকার বিরুদ্ধে গত ১৪ অক্টোবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী আবেদনটি করেছিলেন।
এরপর খোকা ২০ অক্টোবর হাইকোর্টে ক্ষমা প্রার্থনার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ঈদ উল আজহার আগে ঢাকার উন্মুক্ত স্থানে গরুর হাট বসাতে অনুমতি দেওয়া হবে না।
আদালত খোকার আবেদন গ্রহণ করে বুধবার আসাদুজ্জামানের আবেদন খারিজ করলো।
হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা একটি রিট আবেদনে গত ২৯ জুন হাইকোর্ট ঈদ উল আজহার সময় ঢাকার রাস্তায় বা চলাচলের জায়গায় পশুর হাট না বসানোর জন্য সরকার ও সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিল।
পাশাপাশি পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশও দেওয়া হয়।
হাইকোর্টের ওই রায়ের আলোকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ১১ অক্টোবরের মধ্যে তা জানাতে মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু ১১ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় খোকার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬০৫ ঘ.
bdnews24