ঢাকা, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে বিরোধী দল বিএনপি আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্ত্বরে এক সমাবেশে ছাত্রলীগ নেতারা এ অভিযোগ করেন।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "খালেদা জিয়ার সহযোগিতায় বিগত দিনে জাতীয়তাবাদী শক্তি শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, মানুষের ভোট ভাতের অধিকার কেড়ে নিতে চেয়েছে, পিলখানায় বিদ্রোহ লাগিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছে।"
বছরের শুরুতে সরকার যাতে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারে সে জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে অভিযোগ করে রিপন বলেন, "এখন তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লাগিয়ে মানুষের শিক্ষার অধিকারও কেড়ে নিতে চায়।"
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "বেগম জিয়া শুধু দুর্নীতির মাধ্যমে অর্থ লাভ করে ধনী হতে চান।"
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, রিপন পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা।
এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০১২ ঘ.
bdnews24