২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতি দারিদ্র্যপরিস্থিতি জানতে সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠনের ঘোষণা

প্রতি বছর দেশের অতি দারিদ্র্যপরিস্থিতি জানতে একটি সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতি বছর দেশের অতি দারিদ্র্যপরিস্থিতি জানতে একটি সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। রোববার সর্বদলীয় সংসদীয় গ্রুপ আয়োজিত দু'দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্পিকার এই ঘোষণা দেন। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। স্পিকার বলেন, "অন্যান্য সর্বদলীয় সংসদীয় গ্রুপগুলির মতো এটিও তাদের ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করবে।" দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দরিদ্র-পরিস্থিতি জানতে সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠন করা হচ্ছে। আওয়ামী লীগ এমপি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। স্পিকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দারিদ্র্য নির্মূলের কথা বলার সংস্কৃতির সমালোচনা করে বলেন, "এতে অর্থের অপচয়ের পাশাপাশি আমাদের শিক্ষার অসারতার প্রমাণ মেলে।" আব্দুল হামিদ বলেন, "আমাদের দেশে বিদ্যুতের অভাবে কল-কারখানা বন্ধ থাকে। কিন্তু, দেখা যায়, অনেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে কৃত্রিম উপায়ে ঠাণ্ডা সৃষ্টি করে কোট-প্যান্ট-টাই পরে ঠাণ্ডা ঠেকানোর চেষ্টা করেন। "দেশের অনেক ব্যবসায়ী আছেন, যারা বিল গেটস বা টাটা-বিরলার চেয়েও বিলাসী জীবন যাপন করেন।" এটাকে চরম দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে স্পিকার বলেন, "বিত্তবান হোন, কিন্তু অতি বিলাসিতা দেখাবেন না।" দারিদ্র্য দূরীকরণে বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশে তিনি বলেন, "দারিদ্র্য দূরীকরণকে কেবল মানুষের আয়ুবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন না। "এবং একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, দারিদ্র্য যতটা না ব্যক্তির ওপর নির্ভর করে তার চেয়ে বেশি নির্ভর করে সে কোন সমাজে বাস করছে তার ওপর।" দারিদ্র্যপরিস্থিতি জানতে সর্বদলীয় সংসদীয় গ্রুপের কার্যক্রমের একটি অন্যতম দিক হলো, এ গ্রুপের পক্ষ থেকে তারা প্রতিবছর বাংলাদেশের অতি দারিদ্র্য অবস্থা ও করণীয় বিষয়ক একটি তথ্যবহুল ও যথাযথ নির্দেশনামূলক রিপোর্ট প্রকাশ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএইচ/২০২৮ ঘ