২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জাতিকে বিভক্ত করতে চাইছেন: আওয়ামী লীগ

আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে যোগ না দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জাতিকে বিভক্ত করতে চাইছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে যোগ না দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জাতিকে বিভক্ত করতে চাইছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসে শনিবার আয়োজিত সম্মেলনে খালেদা জিয়া শেষ সময়ে যোগ না দেওয়ার ঘোষণা দেন। জাতীয় সংসদে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অথিথি থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, "এ সব করে তিনি জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বিভক্তি চাই না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাই।" আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকণ্ডলী বৈঠকের পর তিনি এ কথা বলেন। সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের যুক্তিগুলোকে সত্যের অপলাপ বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগসাধারণ সম্পাদক। আশরাফ বলেন, "উনি (খালেদা) আসলে আইনের শাসন এবং বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হোক, তা চান না। বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয় সেজন্য উনার স্বামী (জিয়াউর রহমান) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন।" সন্ত্রাস ও দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতার কথা তুলে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "বর্তমান সরকার কোনভাবেই দুর্নীতি ও সন্ত্রাস মেনে নেবে না। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।" বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সম্পাদকমণ্ডলীর বৈঠক চলে। বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাংগঠনিক বিভাগ বণ্টন করা হয়। ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবীর নানককে। রংপুরের দায়িত্ব খালিদ মাহমুদ চৌধুরীকে, খুলনার দায়িত্ব বিএম মোজাম্মেল হককে ও চট্টগ্রামের দায়িত্বে আহমেদ হোসেনকে দেওয়া হয়েছে। বরিশালের দায়িত্ব পেয়েছেন আফম বাহাউদ্দিন নাছিম। আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী এবং মিসবাহউদ্দিন সিরাজ সিলেটের দায়িত্ব পেয়েছেন। আশরাফ জানান, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা হবে জানিয়ে তিনি বলেন, ওই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫৩৭ ঘ.