২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা তার 'রাজনৈতিক দীনতা' দেখালেন: প্রধান হুইপ

জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে উঠতে খালেদা জিয়ার অস্বীকৃতির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বিএনপি দারিদ্র্য বিমোচনে বিশ্বাস করেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে উঠতে খালেদা জিয়ার অস্বীকৃতির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বিএনপি দারিদ্র্য বিমোচনে বিশ্বাস করেনা। শুক্রবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে তড়িঘড়ি করে আয়োজিত এক ব্রিফিংয়ে শহীদ বলেন, "আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে আয়োজিত সর্বদলীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহারের মাধ্যমে বিরোধী দলীয় নেতা তার 'রাজনৈতিক দীনতা' প্রদর্শন করলেন।" স্পিকার আবদুল হামিদের হয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধান হুইপ সাংবাদিকদের বলেন, "বিরোধী দলীয় নেতার এই প্রতিশ্র"তি ভঙ্গ 'দুর্ভাগ্যজনক' এবং পরিকল্পনা অনুযায়ী সম্মেলনের অনুষ্ঠান চলবে।" (বিস্তারিত)। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাক দেওয়ার কথা ছিলো। তবে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, "বর্তমান পরিস্থিতিতে শনিবারের সম্মেলনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা একতরফাভাবে সরকারকে সহযোগিতা করে অপরাধ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করতে পারি না।" প্রধান হুইপ বলেন, "বিরোধী দলীয় নেতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন। কিন্তু এর আগে আবার বার আশ্বস্ত করেছিলেন যে তিনি উপস্থিত থাকবেন।" শহীদ বলেন, "২০১৫ সালের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের যে আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে, তারই ধারাবাহিকতায় সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) দারিদ্র্য বিমোচন সংক্রান্ত এ অনুষ্ঠানটির আয়োজন করে। এটা কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। সংবাদ সম্মেলনে না বলে খালেদা জিয়া অনুষ্ঠানে এসে ওই কথাগুলোই বলতে পারতেন।" "এটাই (প্রত্যাখান) প্রমাণ করে যে তিনি (খালেদা জিয়া) দারিদ্র্য দূর করতে চান না।" বলেও মন্তব্য করে প্রধান হুইপ। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুককে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এপিপিজির প্রধান পৃষ্ঠপোষক স্পিকার আবদুল হামিদ বলেন, দারিদ্র্য বিমোচন সংক্রান্ত ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালেদা জিয়া দু'জনই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বয়কটের কারণ হিসেবে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কিছু 'অসত্য' অভিযোগ এনেছেন বলেও মন্তব্য করেন সরকারি দলের প্রধান হুইপ। সরকার দলীয় হুইপ এ এস এম ফিরোজ এবং এপিপিজিএস মহাসচিব শিশির শীল বিফ্রিংয়ে আব্দুস শহীদের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/এসএইচ/০০০০ ঘ.