জয়পুরহাট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর উপস্থিতিতে শুক্রবার দুপুরে দলীয় নেতা-কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দুই নেতা।
এরা হলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি পাঁচবিবি পৌর মেয়র সামসুল আলম দুদু এবং দলের জেলা প্রচার সম্পাদক মীর রেজাউল করিম।
দুপুর ৩টার দিকে জয়পুরহাট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে এই ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে সার্কিট হাউজে মতবিনিময় সভায় উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী জেলার সার্বিক অবস্থা জানতে চাইলে সামসুল আলম দুদু স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের টেন্ডারবাজি ও দখলবাজি তুলে ধরে।
সামসুল আলম দুদুর বক্তব্য চলাকালে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সুমন সাহা প্রতিবাদ করেন। পরে তিনিও বক্তব্য রাখেন।
সভা শেষে দুপুর ৩টায় উপদেষ্টা চলে যাওয়ার সময় যুবলীগের নেতা-কর্মীরা সামসুল আলম দুদুর ওপর হামলা চালায়। তারা দুদুর কাপড়চোপড় ছিঁড়ে ফেলে। এ সময় আওয়ামী লীগের জেলা প্রচার সম্পাদক মীর রেজাউল করিমও শারীরিকভাবে লাঞ্ছিত হন। পরে পুলিশি প্রহরায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
সভায় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহফুজা মণ্ডলসহ দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট এবং আ. লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মহিলা সাংসদ মাহফুজা মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমার সামনে ঘটেছে। স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ এর কতিপয় উচ্ছৃংখল নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছে।"
এ ব্যাপারে সামসুল আলম দুদু তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমকে কিছু বলতে অপরাগত প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, "ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এ ব্যাপারে যুবলীগ সাধারণ সম্পাদক সুমন সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, "ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে ঘটনাটি শুনেছি।"
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24