২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সংবাদ সম্মেলন বিকালে

দলের কাউন্সিলের সিদ্ধান্তের পর শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি আগামী ৮ ডিসেম্বর কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয় ১৬ বছর আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কাউন্সিলের সিদ্ধান্তের পর শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি আগামী ৮ ডিসেম্বর কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয় ১৬ বছর আগে। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে কাউন্সিলের বিভিন্ন দিক তুলে ধরবেন খালেদা। ১৯৭৮ সালে সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া দল বিএনপি'র এটি হবে পঞ্চম কাউন্সিল। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এর আগে ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির চতুর্থ কাউন্সিল হয়েছিল। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত ওই কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও আবদুস সালাম তালুকদার (বর্তমানে প্রয়াত) মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেই দলের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারপারসন করা হয়েছে। এর আগে স্থায়ী কমিটির কোনও সদস্য এ দায়িত্বে থাকতেন। '৯৩ সালের কাউন্সিলে বর্তমানে বিএনপি'র বহিস্কৃত নেতা চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।'' এছাড়া টি এইচ খানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি ও ১১ টি সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি করা হয়েছে বলে জানান তিনি। সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির প্রধান ও সদস্যদের নাম পরে জানানো হবে বলে জানান নজরুল ইসলাম খান। তবে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একজন সদস্য জানান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহকে প্রধান করে শৃঙ্খলা উপ-কমিটি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানকে প্রধান করে দলের গঠনতন্ত্র খসড়া প্রণয়ন কমিটি, যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়কে (বর্তমানে কারাগারে) প্রধান করে প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম-মহাসচিব নজরুল আরও বলেন, "কাউন্সিল সফল করতে সব প্রস্তুতি নেওয়া হবে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে সব জেলা কমিটি গঠন সম্পন্ন হতে হবে। এছাড়া গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি গঠনতন্ত্র সংশোধন কমিটিও করা হয়েছে।" গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) বিল- ২০০৯ অনুসারে বিএনপিকে নবম সংসদ অধিবেশন শুরুর তারিখ থেকে ১২ মাসের মধ্যে অর্থাৎ ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। গত ৪ অক্টোবর বিলটি সংসদে উপস্থাপন করা হয়। ২০০৮ সালের নভেম্বরে মোট ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে খসড়া সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়ে শর্ত সাপেক্ষে নিবন্ধিত হয়। প্রথম দফা সময়সীমায় সরকারি দল আওয়ামী লীগসহ ৩৩টি দল কমিশনের কাছে শর্ত পূরণ করে নিবন্ধন চূড়ান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫৫ ঘ.