ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহবান জানান।
সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির কড়া সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করতে যাচেছ, তা বাস্তবায়ন হলে দেশে বেকারত্ব বাড়বে। তারা এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য এটি করছে।
প্রাথমিক শিক্ষার স্তরকে ধাপে ধাপে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক করা এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশসহ জাতীয় শিক্ষানীতি ২০০৯ চূড়ান্ত করেছে এ বিষয়ে গঠিত কমিটি।
প্রস্তাবিত শিক্ষানীতিতে প্রাথমিক স্তরের সব ধারায় নির্ধারিত বিষয়ে এক ও অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি চালুর সুপারিশ করা হয়েছে। এসব মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ পরিচিতি এবং তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান। এসব বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি এক ও অভিন্ন শিক্ষাক্রমের বিরোধীতা করছে।
শনিবার খালেদা জিয়া বলেন, "একদিকে তারা নির্বাচনের সময়ে কর্মসংস্থানের কথা বলে জনগণকে প্রতারিত করেছে, অন্যদিকে এখন আবার দেশের মূল্যবোধের সঙ্গে বৈরী শিক্ষানীতি করে বেকারের সংখ্যা বাড়ানোর কাজ করছে।''
তিনি বলেন, "দেশের স্বার্থে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার দেশের স্বার্থ বিরোধী কাজ করছে। দ্রব্যমূল্য, কর্মসংস্থানের বিষয়ে তারা তাদের প্রতিশ্র"তি বাস্তবায়ন না করে বিদেশী স্বার্থ রক্ষায় কাজ করছে। এদের ব্যাপারে জনগণকে সজাগ করে তুলতে হবে।"
বিরোধী দলীয় নেতা সরকারের দলীয়করণ, টেন্ডারবাজিসহ বিভিন্ন ক্ষেত্রে চরম ব্যর্থতার কথাও বলেন।
ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সভাপতি মাওলানা মহীউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলের নেতারা মতবিনিময় অনুষ্ঠানে নতুন জাতীয় শিক্ষানীতির খসড়ার নানা দিক তুলে ধরে এর কঠোর সমালোচনা করেন।
খালেদা জিয়া আগ্রহের সঙ্গে তাদের বক্তব্য শোনেন। এ সময়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের নেতাদের মধ্যে ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম হেমায়েত উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নীলু, জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল
bdnews24